মোবাইল ফোনের ব্যাটারি দিয়ে আলো জ্বালাতে গিয়ে ডান হাত উড়ে গেল এক কিশোরের - The News Lion

মোবাইল ফোনের ব্যাটারি দিয়ে আলো জ্বালাতে গিয়ে ডান হাত উড়ে গেল এক কিশোরের




দি নিউজ লায়ন ; মোবাইল ফোনের ব্যাটারি দিয়ে আলো জ্বালাতে গিয়ে ডান হাত উড়ে গেল এক কিশোরের। ঘটনা বীরভূমের  কাঁকরতলা থানা এলাকার। আহত আকাশ বাউড়ির ডান হাতের বুড়ো আঙুল ছাড়া বাকি গোটা হাতটাই ছিন্নভিন্ন হয়ে গিয়েছে। খেলার ছলে ছেলের এমন পরিণতিতে দিশেহারা পরিবার।



জানা গিয়েছে, কাঁকরতলা থানা এলাকার পরশুণ্ডি গ্রামে বাড়ি আকাশের। স্থানীয় বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র সে। লকডাউনে গ্রামের অন্য কিশোরদের মতো সেও মেতে উঠেছিল মোবাইল ফোনের ব্যাটারি দিয়ে আলো জ্বালানোর খেলায়।



শিশুটির মা মনিমালা বাউরি জানিয়েছেন, রাত আটটা নাগাদ আকাশ পাঁচটি  মোবাইল ফোনের বাতিল ব্যাটারি দিয়ে এলইডি আলো জ্বালানোর চেষ্টা করছিল আর তখনই হাতের মধ্যে থাকা ব্যাটারি গুলোতে ঘটে যায় বিস্ফোরণ।  বিস্ফোরণের তীব্রতার জেরে ছিন্নভিন্ন হয়ে যায় তার ডান হাতের তালু। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় নাকড়াকোন্দা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে। কিন্তু হাতের অবস্থা দেখে কিশোরকে সিউড়ি পাঠিয়ে দেন সেখানকার চিকিৎসকরা।  সিউড়ি থেকে দ্রুত শিশুটিকে পাঠিয়ে দেওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজে।




বিশেষজ্ঞরা বলছেন, মোবাইল ফোন বা ওই ধরণের যন্ত্রের রিচার্জেবল ব্যাটারি নিয়ে মোটেও খেলা করা উচিত নয়। এমনকী ব্যাটারি নষ্ট হয়ে গেলে তা বাড়িতে ফেলে রাখাও ঠিক নয়। পড়ে থাকা অবস্থাতেও যে কোনও সময় হতে পারে বিস্ফোরণ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.