যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ২ ভাই নিহত, আহত আরেক ভাই
ঢাকা প্রতিনিধি : যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় মারা গেছে বাংলাদেশি দুই ভাই। এ দুর্ঘটনায় আহত হয়েছেন তাদের আরেক ভাই। স্থানীয় সময় মঙ্গলবার ভোরে রচেস্টার এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে নিউইয়র্ক পুলিশ। বাফেলো থেকে নিউইয়র্ক ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মোজাম্মেল হক রাসেল (৩০) ও তার ছোট ভাই হিমেল এ জয় (২৪)। তারা দুজনেই ঘটনাস্থলে মারা যান। সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, রাসেল গাড়ি চালাচ্ছিলেন। গাড়িতে থাকা রাসেলের আরেক ভাই আনিসুল হক আপেল (২৩) এবং কেনেডি অপি (১৮) নামে আরেকজন আহত হন। তাদের স্ট্রং মেমোরিয়্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছে পুলিশ।
নিউইয়র্ক রাজ্য পুলিশ জানিয়েছে, বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে রাসেলের গাড়ির সংঘর্ষ হয়। এই সংঘর্ষে ওই গাড়ির চালক ৮১ বছর বয়েসী চার্লস বারগারস্টোকও ঘটনাস্থলে মারা যান। তিনি ওহাইও’র বাসিন্দা। রাসেলের বাবা নিউইয়র্ক বোর্ড অব ইলেকশন কমিশনের কর্মকর্তা সিরাজুল ইসলাম ভূইয়া।
তিনি বলেন, রাসেলসহ অন্যরা নায়াগ্রা জলপ্রপাত দেখতে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনায় পড়ে তারা। রাসেল ও জয়কে নিউইয়র্কে দাফন করা হবে বলে জানান তিনি। উল্লেখ্য, নিউইয়র্ক সিটির এস্টোরিয়ায় সপরিবারে বসবাস করছিলেন রাসেল। তাদের বাড়ি ময়মনসিংহের নান্দাইলে।

Post a Comment