বাংলাদেশে করোনায় নতুন মৃত্যু ৪৬, শনাক্ত ২২৬৫ - The News Lion

বাংলাদেশে করোনায় নতুন মৃত্যু ৪৬, শনাক্ত ২২৬৫




ঢাকা প্রতিনিধি : বাংলাদেশে মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪৬ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো তিন হাজার ৯০৭ জনে। এছাড়া, নতুন করে দুই হাজার ২৬৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে দুই লাখ ৯২ হাজার ৬২৫ জনে। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।



 বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা শনাক্তের জন্য দেশের সরকারি ও বেসরকারি ৯১টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১০ হাজার ৫৯৫টি এবং পরীক্ষা করা হয়েছে আগের নমুনাসহ ১১ হাজার ৩৫৬টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১৪ লাখ ৩১ হাজার ৮৫৫টি। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯.৯৫ শতাংশ। আর মোট পরীক্ষার ক্ষেত্রে শনাক্ত হয়েছেন ২০.৪৪ শতাংশ।




নতুন যে ৪৬ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৩৬ এবং নারী ১০ জন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ তিন হাজার ৮২ জন বা ৭৮.৮৮ শতাংশ এবং নারী ৮২৫ জন বা ২১.১২ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১.৩৪ শতাংশ। এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও দুই হাজার ৯৫২ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৭৫ হাজার ৫৬৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৫৬ শতাংশ।





গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়। বিশ্বের সার্বিক পরিস্থিতি : জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেমস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের তথ্য অনুসারে শনিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দুই কোটি ২৮ লাখ ৬৮ হাজার ২৩৮ জন। সেই সাথে ভাইরাসটির কারণে সারা বিশ্বে এখন পর্যন্ত সাত লাখ ৯৭ হাজার ৭৮৭ জনের মৃত্যু হয়েছে।



তথ্য আরও দেখা যায় যে ভাইরাসের কবল থেকে ইতোমধ্যে সেরে উঠেছেন এক কোটি ৪৬ লাখের অধিক মানুষ। এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রে মোট সংক্রমিত হয়েছেন ৫৬ লাখ ২১ হাজার ৩৫ জন এবং তাদের মধ্যে মারা গেছেন এক লাখ ৭৫ হাজার ৩৪৩ জন, খবর সিনহুয়া। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রই করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ। সেখানে বিশ্বের সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে।



অন্যদিকে, ভারতে শুক্রবার পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ হাজার ৮৪৯ জন। দেশটিতে রয়েছে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। সেখানে মহামারি শুরু হওয়ার পর থেকে শনাক্ত হয়েছেন ২৯ লাখের অধিক রোগী। দক্ষিণ আমেরিকার ব্রাজিল দ্বিতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ।




 সেখানে নিশ্চিতভাবে ৩৫ লাখ ৩২ হাজার ৩৩০ জন আক্রান্ত এবং এক লাখ ১৩ হাজার ৩৫৮ জন মারা গেছেন। গত বছরের ডিসেম্বরে চিন থেকে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.