বিষ্ণুপুরে মল্ল রাজপরিবারের এক সদস্যর গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার - The News Lion

বিষ্ণুপুরে মল্ল রাজপরিবারের এক সদস্যর গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার




দি নিউজ লায়ন ;   সেই  রাজত্ব নেই। আনুষ্ঠানিক ভাবে রাজ্যাভিষেকও হয়নি।  তবু মল্ল রাজত্বের রাজা হিসাবে সকলেই তাঁকে চিনত। মল্ল পরিবারের কূলদেবী মৃন্ময়ীর পুজো বা রাজ পরিবারের অন্যান্য আচার উৎসবেও তাঁকে দেখা যেত সক্রিয় পরিচালকের ভূমিকায়।  আজ সাত সকালে বাঁকুড়ার বিষ্ণুপুরে নিজের বাড়ি থেকে উদ্ধার হল  মল্ল রাজ পরিবারের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য সলিল সিংহ ঠাকুরের গুলিবিদ্ধ মৃতদেহ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে প্রাচীন মল্লগড় বাঁকুড়ার বিষ্ণুপুরে।


আজ সাত সকালেই গুলির শব্দে কেঁপে ওঠে প্রাচীন মল্লগড় বাঁকুড়ার বিষ্ণুপুর।  সাত সকালেই হঠাৎ গুলির শব্দে উৎসুক মানুষের ভিড় জমে মল্ল রাজ দরবারে।  এরপরই জানা যায় মল্ল রাজপরিবারের সদস্য তথা বর্তমান রাজা হিসাবে পরিচিত সলিল সিংহ ঠাকুরের গুলিবিদ্ধ মৃতদেহ পড়ে রয়েছে তাঁর নিজের বাড়িতে।


 পাশেই পড়ে রয়েছে তাঁর লাইসেন্স যুক্ত একনলা বন্দুক। খবর পৌঁছাতেই বিষ্ণুপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায়।  শুরু হয় তদন্তও। 


প্রাথমিক ভাবে পুলিশের অনুমান বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন সলিল সিংহ ঠাকুর। ভূগছিলেন মানসিক অবসাদেও।  সেই কারনে নিজেই গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন রাজ পরিবারের ওই সদস্য। রাজ পরিবারের ওই সদস্যর ঘনিষ্ঠদেরও দাবি মানসিক অবসাদের কারনেই এই ঘটনা ঘটেছে।  বিষয়টি নিয়ে কোনোরকম মুখ খুলতে চায়নি রাজ পরিবারের অন্যান্যরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.