বিজেপি-তৃণমূল সংঘর্ষে নিহত ১
শনিবার সকালে খানাকুলের নতিবপুরে দলীয় কার্যালয়ে আলাদাভাবে জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচি ছিল বিজেপি ও তৃণমূলের। নতিবপুরে দু’দলের দলীয় কর্যালয়ের মধ্যে দূরত্ব বেশি নয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বিজেপি ও তৃণমূল কর্মীরা নিজেদের কার্যালয়ে গিয়ে জাতীয় পতাকা উত্তোলনের তোড়জোড় শুরু করেন। কিন্তু এরই মধ্যে দু’দলের বেশ কয়েকজন কর্মী-সমর্থক নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে পড়েন।
সুজেরঘাট এলাকায় সেই বিবাদ ঘিরে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। দু’দলের কর্মী-সমর্থকরা একে অপরের ওপর লাঠি, বাঁশ নিয়ে হামলা চালায়। এলাকায় ব্যাপক বোমাবাজি চলে বলেও অভিযোগ। মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। দু’পক্ষের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হন এক বিজেপি কর্মী। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে, বিজেপি কর্মীর মৃত্যুর খবর পৌঁছতেই আরও উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। দু’পক্ষের মধ্যে ফের সংঘর্ষ। শুরু হয়। খবর পেয়ে এলাকায় যায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় RAF-এর বিশাল বাহিনী। এলাকায় পুলিশ টহলদারি শুরু করে। তবে তৃণমূল ও বিজেপি নেতৃত্বরা কেউ দায় স্বীকার না করে একে অপরের ঘাড়ে চাপিয়েছে।

Post a Comment