নিজের কথা রেখে ২৯ বছর পর অযোধ্যায় পা রাখলেন নরেন্দ্র মোদী
২৯ বছরের ইতিহাস মনে রাখবে ভারত। ১৯৯১ -এর পর থেকে অযোধ্যাকে ঘিরে আবর্তিত হয়েছে গোবলয়ের রাজনীতি। সেই ২৯ বছর পেরিয়ে ধুতি-পাঞ্জাবি পরে অযোধ্যায় পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ তিনি দিল্লির মসনদে। তাঁর হাতেই হবে রাম মন্দিরের ভূমিপূজনের সূচনা। ৪০ কেজির রূপোর ইঁট স্থাপন করবেন তিনি। ২৯ বছর আগেও তিনি গিয়েছিলেন অযোধ্যায়। মুরলী মনোহর যোশীর সঙ্গে নরেন্দ্র মোদীর একটি ছবি পাওয়া যায়, যা অযোধ্যায় তোলা বলে মহেন্দ্র ত্রিপাঠি নামে এক ব্যক্তি দাবি করেছেন।
তিনি জানিয়েছেন রাম মন্দির চত্বরের কাছেই তাঁর স্টুডিও। তিনিই ২৯ বছর আগে এই ছবি তুলেছিলেন। রাম জন্মভূমি নিয়ে তখন তোলপাড় আযোধ্যা। এটি সেইসময়ে তোলা ছবি। ওই ব্যক্তি আরও জানান, সেইসময় এক স্থানীয় সাংবাদিক মোদীকে প্রশ্ন করেছিলেন, তিনি আবার অযোধ্যা আসবেন কিনা। মোদী বলেছিলেন, ‘যেদিন রাম মন্দির হবে, সেদিন আসব।’ তাঁর কথায়, কথা রেখেছেন মোদী। রাম মন্দিরের জন্যই ২৯ বছর পর অযোধ্যায় এলেন প্রধানমন্ত্রী।
অযোধ্যায় এসে প্রথম হনুমানগড়ি মন্দিরে যাবেন প্রধানমন্ত্রী। বুধবারের সফরে সাকেত কলেজে থেকে প্রথমে হনুমানগড়িতে পৌঁছবেন প্রধানমন্ত্রী। সেখানে ১০ মিনিট থাকার কথা প্রধানমন্ত্রীর। বেলা ১২টায় রাম জন্মভূমির অনুষ্ঠানস্থলে পৌঁছবেন প্রধানমন্ত্রী। বৃক্ষরোপণ করার কথা রয়েছে তাঁর। জানা যাচ্ছে, রামন্দিরের অনুষ্ঠানের শুরুতে সবাইকে আশীর্বাদ করবেন রামজন্মভূমি তীর্থ ক্ষেত্রের অধ্যক্ষ নৃত্যগোপাল দাস। এরপর ভাষণ দেবেন আরএসএস প্রধান মোহন ভাগবত। ভূমি পুজোয় অংশ নেওয়ার পর ভাষণ দেবেন নরেন্দ্র মোদী।

Post a Comment