এবার বাংলায় রিয়্যালিটি শো শুরুর সম্মতি দিলেন মুখ্যমন্ত্রী
এবার বাংলায় রিয়্যালিটি শো-এর শ্যুটিং শুরু করার কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছেন, রিয়্যালিটি শো-এর শ্যুটিং ফের শুরু করা হবে। তবে তাতে কোনও দর্শক থাকতে পারবে না। কেবলমাত্র ৪০ জন করে মেম্বার থাকার অনুমতি পাবে সেখানে।
এদিন নবান্নে সিনেমা এবং টেলিভিশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। আর সেখানেই করোনা পরিস্থিতির মধ্যে নিজেদের দাবি ও সমস্যা নিয়ে মুখ খোলে অনেকেই। সেখানে আটির্স্ট ফোরামের দাবি মেনে শুটিংয়ে সর্বোচ্চ ৩৫ জনকে অনুমতি দেওয়ার নিয়ম খানিকটা শিথিল করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, এবার থেকে সর্বাধিক ৪০ জন শুটিংয়ে থাকতে পারবেন। তবে একইসঙ্গে তিনি বলেন, ‘ইন্ডোর শুটিংয়ে জোর দিতে হবে। আউটডোর শুটিংয়ে বিধিনিষেধ রয়েছে। ঘনবসতি এলাকা নয়, ফাঁকা এলাকায় শুটিং হবে।’
অন্যদিকে ওয়েব সিরিজের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, ‘ওয়েব সিরিজের বিষয়ে রাজ চক্রবর্তী, পরমকে নিয়ে একটি কমিটি বা টাস্ক ফোর্স গঠন করা হবে।’ মুখ্যসচিব রাজীব সিনহাকে সেই কমিটি গঠনের নির্দেশও দেন মুখ্যমন্ত্রী।
Post a Comment