করোনা পরীক্ষায় জালিয়াতি: অস্ত্রসহ র্যাবের হাতে গ্রেপ্তার সাহেদ
ঢাকা প্রতিনিধি : বাংলাদেশের বহুল আলোচিত রিজেন্ট হাসপাতালের করোনা পরীক্ষায় প্রতারণা মামলার প্রধান আসামি ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদকে গ্রেপ্তার করেছে র্যাব।র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং’র সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রিজেন্ট হাসপাতাল প্রতারণা মামলার প্রধান পলাতক আসামি ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।
র্যাবের বিশেষ অভিযানে বুধবার ভোরে সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে অবৈধ অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়।এর আগে গত ৬ জুলাই রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। অভিযানে ভুয়া করোনা পরীক্ষার রিপোর্ট, করোনা চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে বিপুল অর্থ আদায়সহ নানা অনিয়ম উঠে আসে।
এরপর ৭ জুলাই রাতে উত্তরা পশ্চিম থানায় প্রতারণার অভিযোগে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদকে এক নম্বর আসামি করে ১৭ জনকে আসামি করে একটি মামলা করা হয়। তাদের মধ্যে আটজনকে গ্রেপ্তার করা হয়। তখন থেকেই সাহেদ পলাতক ছিলেন।রিজেন্ট হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ, হাসপাতালটি করোনার নমুনা পরীক্ষা না করে ভুয়া রিপোর্ট তৈরি করত।
সরকারের সঙ্গে হাসপাতালটির চুক্তি ছিল ভর্তি রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেবে। সরকার এই ব্যয় বহন করবে। কিন্তু তারা রোগীপ্রতি লাখ টাকার বেশি বিল আদায় করেছে। এ ছাড়া রোগীদের বিনা মূল্যে চিকিৎসা দিয়েছে এই মর্মে সরকারের কাছে এক কোটি ৯৬ লাখ টাকার বেশি বিল জমা দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।


Post a Comment