কাজ হারানো নৃত্য শিল্পীদের কাছে অর্থ পাঠালেন হৃত্বিক রোশন
বিনোদন শিল্পেও পড়েছে করোনার প্রভাব। আর এমন বিপর্যয়কর পরিস্থিতিতে মানুষের সাহায্যে এগিয়ে এসেছেন অনেক তারকা। বলিউড সুপারস্টার হৃতিক রোশন তাঁদের অন্যতম।
জানা যায়, বলিউডি ছবির শুটিং বন্ধ রয়েছে দীর্ঘদিন। আর এতে করে সেখানে দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করা কলাকুশলী ও নেপথ্যের নৃত্যশিল্পীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। বলিউডের প্রখ্যাত কোরিওগ্রাফার বোস্কোর কাছ থেকে এটি জানতে পারেন হৃতিক রোশন। আর এর পরেই তিনি ১০০ জন বলিউড নৃত্যশিল্পীর অ্যাকাউন্টে অর্থ প্রেরণ করেন, যাঁদের প্রত্যেকের সঙ্গে তিনি কোথাও না কোথাও কাজ করেছেন এবং অভিনয় করেছেন।
বলিউডি গানের নৃত্যশিল্পী সমন্বয়কারী রাজ সুরানি বলেন, ‘এই কঠিন সময়ে ১০০ নৃত্যশিল্পীকে সহায়তা করেছেন হৃতিক রোশন। ভাড়া দেওয়া কঠিন হয়ে পড়ায় তাঁদের বেশির ভাগই গ্রামে ফিরে গেছেন। একজন নৃত্যশিল্পীর পরিবার করোনায় আক্রান্ত। তাঁদের সবার জন্য হৃতিকের সহায়তা এসেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে। ব্যাকগ্রাউন্ড নৃত্যশিল্পীরা যখন বার্তা পেলেন হৃতিক রোশন তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করেছেন, তখন তাঁরা ব্যাপক আনন্দ অনুভব করেন। কোভিড সংকটের সময়ে সহায়তার জন্য নৃত্যশিল্পীরা তাঁর প্রতি চিরকৃতজ্ঞ।’
করোনা ক্রান্তিকালের শুরু থেকেই মানুষের পাশে আছেন হৃতিক। বিএমসি কর্মী ও তত্ত্বাবধায়কদের জন্য তিনি এন-৯৫ মাস্ক এবং এফএফপি-থ্রি মাস্ক বিতরণ করেন। এ ছাড়া অলাভজনক সংস্থা ‘অক্ষয় পত্র’র সঙ্গে মিলে সুবিধাবঞ্চিত এক লাখ ২০ হাজার মানুষের খাবারের ব্যবস্থা করেন। পাপারাজ্জিদেরও অর্থসাহায্য করেন তিনি।

Post a Comment