হিঙ্গলগঞ্জে বিধায়কের নির্দেশে সংশোধিত করা হচ্ছে আমফানে ক্ষতিগ্রস্তদের তালিকা
আমফান ঝড়ে ক্ষতিগ্রস্তদের যে ক্ষতিপূরণ ঘোষনা করেছে সরকার সেই ক্ষতিপূরণের নামের তালিকা সংশোধনের নির্দেশ দিলো হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল।
গত ১৯ মে আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ, সন্দেশখালির বহু পরিবার। সেইসব ক্ষতিগ্রস্ত পরিবার পিছু ২০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলো রাজ্য সরকার। সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত করতে নির্দেশ দেওয়া হয়েছিলো ব্লক ও পঞ্চায়েয় স্তরে।
প্রথম পর্যায়ে ক্ষতিপূরণ পায় রাজ্যের বেশ কিছু পরিবার কিন্তু সেই ক্ষতিপূরণের টাকার দুর্নীতির অভিযোগ ওঠে রাজ্যের বিভিন্ন নেতা কর্মীদের বিরুদ্ধে। এই দুর্নীতিতে নাম উঠে আসে হিঙ্গলগঞ্জের বেশ কিছু নেতা কর্মীর, সেই ঘটনা কানে আসতেই বিধায়ক দেবেশ মন্ডল ঘোষনা করেন হিঙ্গলগঞ্জ ব্লকের এখনো পর্যন্ত যে যে পরিবারের নাম তালিকাভুক্ত করা হয়েছে কিন্তু টাকা পায়নি, সেই তালিকা পুনরায় সঠিক ভাবে সংশোধন করতে হবে।
বিধায়কের নির্দেশ মেনে কাজ শুরু করে দিয়েছিলো গোবিন্দকাটি গ্রাম পঞ্চায়েত প্রধান সঞ্জীব মন্ডল। বৃহস্পতিবার বিধায়কের তত্ত্বাবধানে চুড়ান্ত তালিকা প্রস্তুত হয় গোবিন্দিকাটি পঞ্চায়েতে। এই পদ্ধতি অবলম্বন করে তালিকা প্রস্তুত করা হলে দুর্নীতির অভিযোগ আসবেনা এবং প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবার ক্ষতিপূরণ পাবে বলে আশাবাদী বিধায়ক দেবেশ মন্ডল।

Post a Comment