হাসপাতালে গান গেয়ে রাত কাটছে অমিতাভের
বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে মুম্বাইয়ের ননবতী হাসপাতালে চিকিৎসাধীন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের শারীরিক অবস্থা সম্পর্কে আপডেট দিয়ে যাচ্ছেন তিনি । আর এবার তিনি জানালেন, হাসপাতালে গান গেয়ে সময় পার করছেন তিনি।
জানা যায়, নিজের ব্যক্তিগত ব্লগে নিয়মিত যাপিত জীবনের নানা অধ্যায় তুলে ধরেন অমিতাভ বচ্চন। ‘অন্ধকার রাতের গভীরে ও ঠাণ্ডা কক্ষে শিহরণে আমি গান গাই। ঘুমের চেষ্টায় চোখ বন্ধ হয়ে আসে। ধারে কাছে কেউ নেই,’ লেখেন অমিতাভ। সর্বশক্তিমান ঈশ্বর একদিন এ থেকে মুক্ত করবে, এ প্রত্যাশাও তাঁর।
অমিতাভ জানান কোভিড রোগীর মানসিক অবস্থা সম্পর্কে। হাসপাতলে তাঁরা বিচ্ছিন্ন হয়ে পড়েন। কোনো মানুষকে দেখতে পান না। ওষুধ ও যত্ন নেওয়ার জন্য সেখানে চিকিৎসক ও নার্স রয়েছেন। তবে তাঁরা পিপিই পরিধান করে উপস্থিত হন।
লেখেন, ‘আপনি কখনো জানতে পারবেন না তাঁরা কে বা তাঁদের বৈশিষ্ট্যগুলো কী... কারণ সুরক্ষার জন্য নানান কিছু দ্বারা তাঁরা আবৃত থাকেন। যা কিছু আছে, তার সবই সাদা। তাঁদের উপস্থিতি অনেকটাই রোবটিক... প্রেসক্রিপশনে যা লেখা থাকে, তা দিয়ে তাঁরা চলে যান... কেননা দীর্ঘ সময় সেখানে থাকলে সংক্রমণের ঝুঁকি রয়েছে।’

Post a Comment