ঐশ্বর্যার দ্রুত সুস্থতা কামনা করলেন তার প্রাক্তন প্রেমিক
বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন ও তাঁর সন্তান অভিষেক বচ্চনের পাশাপাশি করোনায় আক্রান্ত হন অমিতাভের পুত্রবধূ ও অভিষেকের স্ত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ও তাঁর কন্যা আরাধ্যা। আর এমন খবরে বাড়ে উদ্বেগের মাত্রা। বিশ্বজুড়ে থাকা অগণিত গুণমুগ্ধ অমিতাভের পরিবারের জন্য শুভকামনা জানাতে থাকেন। বাদ জাননি বলিউড অভিনেতা ও ঐশ্বরিয়ার প্রাক্তন প্রেমিক বিবেক ওবেরয়ও।
জানা যায়, ঐশ্বরিয়া ও আরাধ্যাসহ তাঁদের পরিবারের জন্য নিজের প্রার্থনার কথা সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে জানিয়েছেন বিবেক। ঐশ্বরিয়া ও তাঁর মেয়ে আরাধ্যার ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘পরিবারের সবার ভালো থাকা ও দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা রইল।’
অপর এক টুইটে বিবেক লেখেন, ‘স্যার বচ্চন ও জুনিয়র বচ্চনের দ্রুত আরোগ্য কামনা করছি। আমরা সবাই আপনাদের জন্য প্রার্থনা করছি। দ্রুত সুস্থ হয়ে উঠুন। যত্ন নিন।’
অমিতাভ ও অভিষেকের করোনার ফল পজিটিভ আসার পর দ্রুতই ঐশ্বরিয়া রাই বচ্চন, তাঁর আট বছরের কন্যা আরাধ্যা বচ্চন ও জয়া বচ্চনের করোনা পরীক্ষা করানো হয়। এতে ঐশ্বরিয়া ও আরাধ্যার করোনা পজিটিভ আসে। তবে জয়া বচ্চনের ফল নেগেটিভ।

Post a Comment