শেখ হাসিনা সরকার দিনের ভোট রাতে করে
ঢাকা প্রতিনিধি : শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশের সরকার দিনের ভোট রাতে করে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।তিনি বলেছেন, ‘এদেশের মানুষ গরু-ছাগলের খোঁয়াড় না তারাও মানুষ। মানুষ স্বাধীনভাবে চিন্তা করে যা সে লিখে বা বলতে চায়।
কিন্তু শেখ হাসিনা সারা বাংলাদেশের মানুষকে গরু-ছাগলের খোঁয়াড়ে পরিণত করেছে। কারণ সে মনে করে এই ঘরের মধ্যে মানুষ বন্দী থাকলে আমার বিরুদ্ধে কোনো কথা বলবে না। সে দিনের ভোট রাতে করে।’রিজভী আরও বলেন, ‘জনপ্রতিনিধি কাকে ঠিক করবে সেটি আগেই ঠিক করে রাখে। নির্বাচনের নামে সেটি ঘোষণা দেয় মাত্র। প্রকৃত ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে না।
’আজ বুধবার সকালে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর আড়িয়াল খাঁ বিলে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল মুন্সীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ‘জাতীয় মৎস সপ্তাহ ২০২০’ উপলক্ষে উন্মুক্ত জলাশয়ে মৎস অবমুক্ত অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির এই নেতা।সরকারের জুলুম-নির্যাতন সহ্য করে বিএনপি আন্দোলন সংগ্রাম করছে মন্তব্য করে রিজভী আহমেদ বলেন, ‘বিএনপি গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন করছে।
এটি আজকে বর্তমান সরকার কেড়ে নিয়েছে। আজকে যদি আপনারা মত প্রকাশের জন্য ফেসবুকে কিছু লেখেন দিনে রাতে যেকোনো সময় সাদা পোশাকধারীরা আপনাকে তুলে নিয়ে যাবে।আজকে ভোটের অধিকার নেই। আজকে কথা বলার অধিকার নেই। মানুষের গণতান্ত্রিক যে অধিকারগুলো রয়েছে সব কেড়ে নেওয়া হয়েছে। সেটি ফিরেয়ে আনার জন্য আমরা গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে লড়াই করছি।
’তিনি বলেন, ‘এই লড়াই করতে গিয়ে শুধু আমি, আপনারাই কারাগারে যাইনি। দেশের কোটি কোটি মানুষের যিনি আশা-আকাঙ্ক্ষার প্রতীক সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তারা অন্যায়ভাবে মিথ্যা মামলায় দুই বছরের অধিককাল কারাগারে বন্দী করে রেখেছিল।সরকারের রোষানলে পড়ে আজকে দেশছাড়া হয়েছেন সারা দেশে কোটি মানুষের নয়নের মনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
দেশ এবং দেশের মানুষের জন্য কথা বলেছেন বলেই তিনি আসলে দেশ ছাড়া।’এ সময় আরও উপস্থিত ছিলেন— বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, মৎসজীবী দলের সভাপতি রফিকুল ইসলাম মাহতাব, সদস্য সচিব আব্দুর রহিম, মৎস্যজীবী দল মুন্সিগঞ্জ জেলার সদস্য সচিব আলমগীর হোসেন সামি প্রমুখ।

Post a Comment