আজই বানিয়ে ফেলুন চিকেন সালামি
উপকরণঃ
১. হাড় ছাড়া মুরগির মাংস- ৫০০ গ্রাম (বুকের মাংস হলে ভালো হয়)
২. সাদা তেল- বড় চার চামচ
৩. ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো - আধ চা চামচ করে
৪. গোলমরিচ গুঁড়ো- এক চা চামচ
৫. কাঁচালঙ্কা- ৫\৬ টি
৬. জল- সামান্য
৭. নুন আন্দাজ মতো
৮. ধনেপাতা বা পার্সলেপাতা (পাওয়া গেলে)
প্রণালীঃ
মুরগির মাংস ছোটো ছোটো টুকরো করে নিন। বড় মিক্সার জারের ভেতরে তেল ব্রাশ করে নিন। এবার সমস্ত উপকরণ জারে ঢেলে নিন। আস্তে আস্তে ব্লেন্ড করুন। মাংস একদম মিহি হয়ে গেলে ব্লেন্ডার থেকে বের করে নিন। একটি চামচ দিয়ে মিশ্রনটি ভালো করে নেড়ে নিন।
একটা বড় কফি মাগের ভেতরে ভালো করে তেল ব্রাশ করুন। এবার মিশ্রনটি চামচ দিয়ে কাপের ভেতর চেপে ভর্তি করুন। ফাঁক যেন না থাকে। কফি মাগের উপরে সামান্য একটু ফাঁকা রাখবেন। এবার একটি ক্লিং পেপার দিয়ে কাপের মুখ বন্ধ করে দিন। একটি মুখ বন্ধ ডেকচিতে স্ট্যান্ড রেখে জল দিন। কাপটি স্ট্যান্ডের উপর বসিয়ে দিন। এতটা জল দেবেন যেন কাপের অর্ধেকটা জলে ডুবে থাকে।
ডেকচির জল ফুটে উঠলেই আঁচ একদম কমিয়ে দেবেন। এই অবস্থায় এক ঘন্টা রেখে দিন। এবার আঁচ বন্ধ করে ঠাণ্ডা হতে দিন। মাঝে একবার কাঠি বা কাঁটা ফুটিয়ে দেখে নিন, গায়ে মাংস লেগে থাকছে কিনা। মাংস লেগে না থাকলে বুঝবেন সালামি তৈরি।
ডেকচি পুরোপুরি ঠাণ্ডা হলে কাপ বের করে একটা প্লেটের উপর ঢালুন, সহজেই সালামি বেরিয়ে আসবে। এয়ার-টাইট বাক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিলে এক মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন।
সালামি চাকা চাকা করে কেটে স্যান্ডউইচ তৈরি করতে পারেন। হালকা ভেজে শুধুই খাওয়া যায় । পাস্তা বা রেডি ন্যুড্লসের মধ্যে মেশাতে পারেন।
Post a Comment