ভারতীয় ক্রিকেট প্রশাসনে আসছেন জেটলির পুত্র
একটা সময় ছিল যখন তিনি দেশের অর্থমন্ত্রী ছিলেন। তার পাশাপাশি দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশন এর সর্বোচ্চ পদে ও আসীন ছিলেন। তিনি অরুন জেটলি। একদা বিজেপির দোর্দণ্ডপ্রতাপ নেতা। সেই বিজেপি দলের অনুরাগ ঠাকুর, জয় শাহদের পর এবার ক্রিকেট রাজনীতিতে আরও এক বিজেপি নেতার পুত্র পদার্পন করতে চলেছেন। তিনি প্রয়াত প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির পুত্র রোহন জেটলি।
শোনা যাচ্ছে রোহন জেটলি ময়দানি রাজনীতিতে প্রবেশ করতে চলেছেন। ডিডিসিএ’র আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট পদের জন্য লড়বেন তিনি। প্রসঙ্গত অরুণ জেটলি দেশের দিল্লি ক্রিকেট সংস্থার অন্যতম বিতর্কিত ক্রিকেট প্রশাসকও ছিলেন। ১৯৯৯ থেকে ২০১৩’র মধ্যে ১০ বছর ডিডিসিএ-র সভাপতি ছিলেন জেটলি।
বিসিসিআইয়ের সহ-সভাপতির পদেও ছিলেন তিনি। ডিডিসিএ-তে থাকাকালীন অরুণ জেটলির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল । মৃত্যুর পর তাঁর নাম অনুসারে দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের নামকরণও করা হয়। এবার রোহনও বাবার পদাঙ্ক অনুসরণ করতে পারেন কিনা তা দেখার অপেক্ষায় ভক্তরা।

Post a Comment