ছেলের মারে মৃত্যু হলো বাবার
ছেলের মারে মৃত্যু হলো বাবার। ঘটনাটি ঘটে মঙ্গলকোট থানার মল্লিকপুর এলাকায়। পুলিশ জানায় নিহত ব্যক্তির নাম গঙ্গাধর মাঝি(৬৫)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় মঙ্গলকোটের মল্লিকপুর গ্রামের বাসিন্দা গঙ্গাধর মাঝির দুই ছেলে। দুই ছেলে আলাদা থাকেন।
ছোট ছেলের কাছেই থাকতেন বাবা গঙ্গাধরবাবু ও মা সন্ধ্যাদেবী। মৃতের স্ত্রী সন্ধ্যাদেবী জানান, ছোট ছেলে রতন মানসিকভাবে কিছুটা অসুস্থ। তার উপর মদ্যপানও করে। প্রায় দিনই বাড়িতে এনিয়ে অশান্তি হত। বৃহস্পতিবার রাতে বাড়িতে বচসার সময় গঙ্গাধরবাবুকে একটি বাঁশ দিয়ে মাথায় আঘাত করে তার ছোট ছেলে রতন।
গুরুতর জখম অবস্থায় বৃদ্ধকে গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসার কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। শুক্রবার দেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমানে পাঠায় গুসকরা ফাঁড়ির পুলিশ। অভিযুক্ত রতন মাঝিকে মঙ্গলকোট থানার পুলিশ আটক করেছে।

Post a Comment