তিন মাস ইতালিতে ঢুকতে পারবেন না বাংলাদেশিরা
ঢাকা প্রতিনিধি : মহামারি করোনাভাইরাসের ভুয়া রিপোর্ট নিয়ে প্রবাসীদের প্রবেশের জেরে এবার তিন মাসের জন্য বাংলাদেশের সঙ্গে ফ্লাইট বন্ধ করে দিলো ইতালি। এর আগে গতকাল বুধবার ১২৫ জন যাত্রীকে রোম বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট থেকে নামতেই দেয়নি দেশটি।
করোনা নেগেটিভের ভুয়া রিপোর্টের জেরে বাংলাদেশের নাগরিক ও বাংলাদেশ থেকে আসা নাগরিকেরা আগামী ৫ অক্টোবর পর্যন্ত ইতালিতে প্রবেশ করতে পারবেন না।ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া নোটামে এ কথা উল্লেখ করা হয়েছে। নোটামে বলা হয়, ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশে থেকে আসা কোনো যাত্রী ও ফ্লাইট ইতালিতে প্রবেশ করতে পারবে না।
করোনা মহামারির কারণে ঝুঁকি বেড়ে যাওয়ায় কোনো এয়ারলাইনস বাংলাদেশে থেকে কোনো যাত্রী নিতে পারবে না। এমনকি কোনো ট্রানজিট ফ্লাইটেও যাত্রী নেয়া যাবে না, যারা বাংলাদেশ থেকে এসেছেন।জানা গিয়েছে, এ সংক্রান্ত নির্দেশনা পেয়ে বাংলাদেশে বিভিন্ন বিদেশি বিমান সংস্থা ট্রাভেল এজেন্সিগুলোকে চিঠি পাঠিয়েছে।
করোনা মহামারি আকারে ছড়িয়ে পড়ায় গত ফেব্রুয়ারি থেকে ইতালি প্রবাসী বাংলাদেশিরা দেশে যেতে শুরু করেন। ইতালির করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সম্প্রতি তারা ফিরে যাওয়ার সুযোগ পেয়েছিলেন।বাংলাদেশের সরকারি বিমান সংস্থার তথ্য অনুযায়ী, জুন মাসে বিমানের তিনটি চার্টার্ড ফ্লাইট ইতালির রোমপ্রবাসী বাংলাদেশি যাত্রীদের নিয়ে গেছে।
এর মধ্যে ২৩ জুন ২৬৯ জন, ১৭ জুন ২৫৯ জন ও ২৭ জুন ২৮১ ইতালিপ্রবাসী বিমানের ফ্লাইটে রোমে ফিরে গেছেন। এনিয়ে জুন থেকে ২ জুলাই পর্যন্ত বিমানের চার্টার্ড ফ্লাইটে মোট ১ হাজার ৮৫ বাংলাদেশি ইতালি ফিরে গেছেন। এখন এই প্রক্রিয়া বন্ধ হয়ে গেল।

Post a Comment