বাঘের আক্রমণে নিখোঁজ মৎস্যজীবী
শুক্রবার বিকালে হঠাৎই জঙ্গল থেকে বাঘ বেরিয়ে আক্রমণ করলে নিখোঁজ হয় এক মুৎস্যজীবী।নিখোঁজ মৎস্যজীবীর নাম যামিনী মিস্ত্রী।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের পঞ্চমুখানি ২ নম্বর জঙ্গল এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে লাহিড়ীপুর গ্রামের বাসিন্দা মৎস্যজীবী যামিনী মিস্ত্রী সহ আরও ৩ জন মৎস্যজীবী একটি নৌকা করে এদিন দুপুরে কাঁকড়া ধরতে বের হয় সুন্দরবনের নদীতে।তারা এদিন বিকালে বিদ্যা নদীতে কাঁকড়া ধরতে ধরতে কাঁকড়া ধরার নেশায় নদীর খাঁড়িতে ঢুকে পড়ে।
সেই সময় হঠাৎই পঞ্চমুখানি ২ নম্বর জঙ্গল থেকে বাঘ বেরিয়ে এসে মৎস্যজীবী যামিনী মিস্ত্রীর উপর ঝাঁপিয়ে পড়ে।বাঘ মৎস্যজীবীর ঘাড়ে কামড় মেরে এক ঝাঁটকায় পিঠে তুলে নিয়ে গভীর জঙ্গলে ঢুকে যায়।এই দৃশ্য দেখে হতবাক হয়ে যায় বাকী মৎস্যজীবীরা।
এদিকে এই খবর ছড়িয়ে পড়তে কান্নায় ভেঙে পড়ে নিখোঁজ মৎস্যজীবীর পরিবারের সদস্যরা।খবর পেয়ে বন কর্মীরা নিখোঁজ মৎস্যজীবীর খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে জঙ্গল এলাকায়।সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প জানান বাঘের আক্রমণে এক মুৎস্যজীবী নিখোঁজ হয় এমন ধরনের খবর পাওয়া গেছে।বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Post a Comment