ঠিক কবে বাজারে আসবে ভ্যাক্সিন, জবাব চাইল কেন্দ্রের সংসদীয় কমিটি
ভারত বায়োটেক নামে একটি সংস্থা আইসিএমআর-এর সঙ্গে যৌথভাবে করোনা ভ্যাক্সিন কাজ করছে। ইতিমধ্যেই তা মানব শরীরে ট্রায়ালের অনুমোদন পেয়েছে। অন্যদিকে, আমেদাবাদের একটি সংস্থাতেও চলছে ভ্যাক্সিন তৈরির কাজ। কিন্তু ঠিক কবে আসবে ভ্যাক্সিন?
সম্প্রতি আইসিএমআর-এর ডিরেক্টর জেনারেলের এ্কটি চিঠিতে ১৫ অগস্টের ডেডলাইন উল্লেখ করা হয়েছিল। তার বিরোধিতা করেন বিশেষজ্ঞরা। এবার কেন্দ্রের সংসদীয় কমিটি জানতে চাইল যে ঠিক কবে বাজারে আসবে ভ্যাক্সিন। শুধু ট্রায়াল নয়, ভারতে বাণিজ্যিকভাবে ভ্যাক্সিন কবে আসবে অর্থাৎ কবে বাজারজাত হবে, তা নিয়েই প্রশ্ন করা হয়েছিল।
তার উত্তরে সরকারি আধিকারিকরা জানিয়েছেন, ভ্যাক্সিন বাজারে বিক্রি করতে অন্তত ১২ মাস সময় লাগবে। শুক্রবারের ওই বৈঠকে উপস্থিত থাকা এক সদস্য বলেন, ‘জিজ্ঞেস করা হয়েছিল যে ঠিক কতদিন লাগতে পারে ভ্যাক্সিন আসতে। তার উত্তরে সরকারি আধিকারিকরা জানিয়েছেন, সবকিছু সঠিকভাবে চললে ভ্যাক্সিন আসতে সময় লাগবে ১২ মাস।’ এও জানানো হয়েছে যে, প্রাথমিকভাবে বাছাই করে কিছু মানুষকে এই ভ্যাক্সিন দেওয়া হবে।
পরে সাধারণ মানুষকে ভ্যাক্সিন দেওয়া হবে। শুক্রবার এই সংক্রান্ত এই বৈঠক ছিল। সেখানে সরকারি উপদেষ্টাদের তরফে সাংসদদের জানানো হয়েছে যে ভারত ভ্যাক্সিন ও জেনেরিক মেডিসিনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকায় রয়েছে। তাই বিশ্ব জুড়ে ভ্যাক্সিনের জন্য যে দৌড় চলছে, তাতে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, ‘বিশ্বের ৬০ শতাংশ প্রতিষেধক তৈরি হয়েছে ভারতে। তাই ভারত আগামিদিনে ভ্যাক্সিন তৈরির ক্ষেত্রে মুখ্য ভূমিকা নেবে বলে আশা করা যায়।’
Post a Comment