বিএনপি নেতা শফিউল বারী বাবু মারা গেছেন - The News Lion

বিএনপি নেতা শফিউল বারী বাবু মারা গেছেন




ঢাকা প্রতিনিধি : বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু মারা গেছেন। আজ মঙ্গলবার ভোর চারটায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর।স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল মৃত্যুর বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।


মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন শফিউল বারী বাবু।এর আগে গতকাল সোমবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটে শফিউল বারী বাবুকে আনোয়ার খান মডার্ন হাসপাতাল থেকে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে স্থানান্তর করা হয়।


স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি গোলাম সারোয়ার জানান, প্রচণ্ড শ্বাসকষ্ট থাকায় বাবুকে সোমবার বেলা ১১টায় তাৎক্ষণিকভাবে রাজধানীর ধানমন্ডির আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গত বেশ কিছুদিন ধরে ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন তিনি।


তিনি আরও বলেন, ফুসফুসে সংক্রমণজনিত কারণে শফিউল বারীর শ্বাসকষ্ট হচ্ছিল। চিকিৎসকের পরামর্শে তিনি রাজধানীর ইস্কাটনের বাসাতেই ছিলেন। কিন্তু সোমবার হঠাৎ করে তার শ্বাসকষ্ট আরও বেড়ে গেলে দ্রুত তাকে আনোয়ার খান মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে তার করোনা পরীক্ষা করা হলে ফলাফল নেগেটিভ আসে বলে জানান স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি গোলাম সারোয়ার।


শফিউল বারী বাবুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস-চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, বরকত উল্লাহ বুলু, মো. শাজাহান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নেতা আকন কুদ্দুসুর রহমান, তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ ও তাবিথ আউয়াল, প্রকৌশলী ইশরাক হোসেন।


শফিউল বারীর আকস্মিক মৃত্যুতে পুরো বিএনপির নেতাকর্মীরা গভীরভাবে শোকাহত।শোকবার্তায় মির্জা ফখরুল বলেন, বিএনপির রাজনীতির এক নির্ভীক সৈনিক ছিলেন বাবু। দলের সব ক্রান্তিকালে বাবু দায়িত্ব পালন করতেন অত্যন্ত নিষ্ঠার সঙ্গে।


নিপীড়ন-নির্যাতন সহ্য করেও গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রামে বাবু থাকতেন সামনের কাতারে। ছাত্রজীবন থেকেই তিনি আইনের শাসন, মানবিক মর্যাদা, মৌলিক-মানবাধিকারসহ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে গেছেন দৃঢ় প্রত্যয় নিয়ে।বাবুর মৃত্যুতে দেশব্যাপী জেলা, মহানগর এবং এর অধীনস্থ সব থানা, উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের কার্যালয়ে মঙ্গলবার দিনব্যাপী খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.