আইসোলেশন ওয়ার্ডে ঐশ্বরিয়া ও আরাধ্যা
অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চনের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসার পর গত রোববার দুজনকে ভারতের মুম্বাইয়ের ননবতী হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল শুক্রবার ঐশ্বরিয়া ও আরাধ্যার জ্বর ও গলাব্যথা দেখা দিলে দ্রুত তাঁদের একই হাসপাতালে ভর্তি করা হয়।
ঐশ্বরিয়া ও তাঁর মেয়ে আরাধ্যার শারীরিক অবস্থা স্থিতিশীল। ডাক্তাররা তাঁদের আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করেছেন, যেখানে বিগ বি ও জুনিয়র বচ্চন রয়েছেন। যখন হাসপাতালে ভর্তি করা হয়, তখন ঐশ্বরিয়ার তীব্র জ্বর ছিল এবং গলাব্যথায় ভুগছিলেন। অবশ্য আট বছরের কন্যা আরাধ্যার সামান্য জ্বর ছিল।
চিকিৎসার পর ঐশ্বরিয়ার জ্বর কমেছে, গলার অবস্থাও আগের তুলনায় ভালো এবং অবস্থা স্থিতিশীল। অন্যদিকে, আরাধ্যার জ্বর নেই বললেই চলে। অমিতাভ, অভিষেক, ঐশ্বরিয়া ও আরাধ্যা ননবতী হাসপাতালে ভিআইপি উইংয়ে রয়েছেন। বর্তমানে ঐশ্বরিয়া ও আরাধ্যাকে আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে, যেখানে তাঁদের তত্ত্বাবধান করছেন ডা. বারবি ও ডা. আনসারি।
বচ্চন পরিবার কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছে, তা সাত দিন হতে চলল। করোনার দ্বিতীয় পরীক্ষা সাত দিন পর করার কথা। মুম্বাইয়ের মেয়র কিশোরী পেড়নেকার বলেছিলেন, এক সপ্তাহ পর তাঁদের দ্বিতীয় পরীক্ষা হবে। সে অনুযায়ী আজ, কাল অথবা দুদিনের মধ্যে দ্বিতীয় পরীক্ষা করা হবে।

Post a Comment