শান্তিপুরে রাতের ঘুম কেড়ে নিচ্ছে গঙ্গাভাঙ্গন
নদীয়া জেলার শান্তিপুরে বিহারিয়া মঠপাড়ার রাতের ঘুম, কেড়ে নিচ্ছে গঙ্গাভাঙ্গন। জেলা প্রশাসক, বিডিও, এসডিও জেলা সভাধিপতি মাত্র ৩ দিন আগে ভাঙ্গন পরিদর্শনে এসে যে পথ দিয়ে হেঁটে ছিলেন, শনিবার রাতে ভাঙ্গনের পর আজ তাও জলের তলায়।
এমনকি নিমগাছ, সেগুন গাছ, আম গাছ সহ প্রায় এক বিঘে জমি জলের তলায়। গতকাল রাত আটটা নাগাদ স্থানীয় মাঝিরা মাছ ধরতে বেরিয়েছিলেন।, জলের মধ্যে বুদবুদ ওঠা দেখে একদিকে মাছপ্রাপ্তির আনন্দ অন্যদিকে গঙ্গা ভাঙ্গন পূর্বমূহুর্ত লক্ষণের আশঙ্কা।
কিছুক্ষণের মধ্যেই বিকট শব্দে নৌকা টলমল অবস্থায় কোন রকমে প্রানে বাঁচে মাঝিরা। তারপর থেকে লাগাতার সারারাত ক্রমাগত ভেঙেই চলেছে। আর মাত্র ১৫ হাত বাকি। তারপরে বসত বাড়ি গোয়াল ঘর সবকিছু জলের তলায় চলে যেতে পারে।
অন্যদিনের রাতের থেকে গতকালই সবচেয়ে বেশি ভাঙ্গন ছিল বলে মনে করেন অধিবাসীবৃন্দ। সকালে আলো ফুটতেই বাপ কাকার পৈত্রিক ভিটের দিকে তাকিয়ে স্মৃতির রোমন্থন, পরিবার নিয়ে পরবর্তী বাসস্থানের দুশ্চিন্তা। পাড় বাঁধনের কাজ চলছে জোর কদমে ।কিন্তু দুশ্চিন্তা গ্রাস করছে তাদের।

Post a Comment