মুর্শিদাবাদে ভাঙ্গনরোধে ভিডিও কনফারেন্স - The News Lion

মুর্শিদাবাদে ভাঙ্গনরোধে ভিডিও কনফারেন্স





মুর্শিদাবাদের কান্দি মহকুমার অন্তর্গত ভরতপুর ও বড়ঞা এলাকায়  নদীর ভাঙন রোধে আধিকারিকদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিলেন  ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেচমন্ত্রী শুভেন্দু অধিকারী।





প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মন্ত্রী সব জেলার আধিকারিক ও জনপ্রতিনিধিদের বর্ষার সময় সতর্ক থাকতে বলেছেন। কোথাও ভাঙন শুরু হলেই ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন। এছাড়া নদী বাঁধগুলির পরিস্থিতি খতিয়ে দেখারও নির্দেশ দেন।





মুর্শিদাবাদে ভরতপুর ও বড়ঞা এলাকায় নদীর বাঁধের যাতে কোনও ক্ষতি না হয় তার জন্য জেলা প্রশাসনকে তিনি পদক্ষেপ নেওয়ার জন্য বলেন। মূলত ময়ূরাক্ষী নদী থেকে বালি তোলার ফলে বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। বাঁধের উপর দিয়ে অতিরিক্ত বালিবোঝাই ট্রাক্টর যাতায়াত করে। সেকারণে কিছু এলাকার বাঁধ দুর্বল হয়ে পড়েছে। ওই এলাকায় প্রায়ই অবৈধভাবে বালি তোলা হয় বলে স্থানীয়দের অভিযোগ।




আরও পড়ুন  করোনা রোগীকে ফেরালেই কড়া ব্যবস্থা নেবে রাজ্য সরকার 





নদীতে জল কমে গেলেই বালি তোলার কাজ শুরু হয়ে যায়। তা নিয়ে অতীতে বিবাদও হয়েছে। এব্যাপারেও সতর্ক থাকতে বলেছেন মন্ত্রী। বিশেষ সূত্রে আরও জানা গিয়েছে, শুভেন্দুবাবু ফরাক্কা , রঘুনাথগঞ্জ এলাকার পরিস্থিতি নিয়ে খোঁজখবর নেন। ফরাক্কায় নদীর ভাঙন বহু দিনের সমস্যা।




গতবছর এই এলাকায় ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছিল। বহু বাড়ি ভাঙনের কবলে পড়েছিল। গ্রামবাসীদের এক মাসের বেশি সময় ত্রাণশিবিরে আশ্রয় নিতে হয়। ওই এলাকায় ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় না বলে অভিযোগ ওঠে।





এদিন সেচমন্ত্রী জেলা প্রশাসনকে ব্যারেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার পরামর্শ দেন।মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন মণ্ডল বলেন, নির্দেশমতো আমরা ব্যারেজ কর্তৃপক্ষকে বৈঠকে ডাকব"।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.