সোমবার থেকে খুলছে হাওড়া পুরসভা - The News Lion

সোমবার থেকে খুলছে হাওড়া পুরসভা




লকডাউনের জেরে দীর্ঘদিন বন্ধ থাকার পর সোমবার থেকে রাজ্যের সব সরকারি অফিস খুলতে চলেছে। সরকারি নির্দেশ অনুযায়ী ৭০ শতাংশ কর্মী নিয়ে খুলছে হাওড়া পুরসভাও। লকডাউনের সময়ে পুরসভার কিছু জরুরি বিভাগ খোলা থাকলেও সামগ্রিকভাবে বন্ধ ছিল পুরসভার অন্যান্য বিভাগের পরিষেবা।




 করোনা সংক্রমণ ঠেকাতে পুরোমাত্রায় সক্রিয় ছিল পুরসভার স্বাস্থ্য দপ্তর।  এছাড়াও বিদ্যুৎ বিভাগ, নিকাশি ও সাফাই বিভাগ, ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগ প্রভৃতি দপ্তরের কর্মীরা নিয়মিত কাজ করে গিয়েছেন। এবারে কাজ শুরু হতে চলেছে সব দপ্তরেই।




পুরসভা সূত্রের খবর, সরকারি নির্দেশ মেনে ৭০ শতাংশ কর্মী নিয়েই সোমবার থেকে চালু হবে হাওড়া পুরসভা। যে সব কর্মীদের কাউন্টারে বসতে হবে তাঁদের নিরাপত্তার জন্য কাউন্টারের জানালাটি প্ল্যাস্টিকের পর্দা দিয়ে ঘিরে দেওয়া হবে। সেই পর্দায় দুটি ছিদ্র থাকবে কথা শোনার জন্য।




এছাড়াও কাউন্টারের সামনে নির্দিষ্ট দূরত্ব মানার জন্যে গোলাকার দাগ দিয়ে দাঁড়ানোর জায়গা নির্ধারিত করা হয়েছে। পুরসভার মূল অফিসের প্রধান ফটকেই আগত প্রত্যেকের  থার্মাল স্ক্রিনিং করা হবে। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকলে সরকারি নির্দেশ মেনেই ব্যবস্থা করা হবে।





শুধুমাত্র পুরসভার মূল অফিসেই নয়, সমস্ত বোরো অফিসগুলোতেও একই নিয়ম অনুসরণ করা হবে। অন্যদিকে, লকডাউনের মধ্যেই আনলক-১ এ খুলছে হাওড়ার শতাব্দী প্রাচীন মঙ্গলাহাট।সোমবার ভোর ৫টা থেকেই বসবে হাট। 






এশিয়ার জামা কাপড়ের হাটগুলির অন্যতম হাওড়ার এই হাটে প্রতি মাসে কয়েক'শ কোটি টাকার ব্যাবসা হয়। শুধুমাত্র জেলার বা পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরাই নন, ভিন রাজ্য থেকেও ব্যাবসায়ীরা ছুটে আসেন এই হাটে।






 শুধুমাত্র ব্যবসায়ীরাই নন সস্তায় পছন্দসই জামা কাপড় কিনতে এই হাটে ভীড় জমান সাধারণ মানুষও। নামে মঙ্গলাহাট হলেও সোম ও মঙ্গলবার দুই দিনই হাট বসে। সোমবার পাইকারি ও মঙ্গলবার খুচরো বেচাকেনা চলে।   

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.