হাসপাতাল থেকে পালিয়ে করোনা ভাইরাস আক্রান্ত রোগীর আত্মহত্যা - The News Lion

হাসপাতাল থেকে পালিয়ে করোনা ভাইরাস আক্রান্ত রোগীর আত্মহত্যা



ঢাকা প্রতিনিধি :        ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পালিয়ে আদাবরে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন করোনাভাইরাসে আক্রান্ত এক রোগী।

আজ শনিবার সকালে আব্দুল মান্নান খন্দকার (৪১) নামে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।




বিষয়টি নিশ্চিত করেছেন আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মোমিন। তিনি জানান, সকালে স্থানীয়দের ফোন পেয়ে আদাবর ১৭/১৮ হোসেন হাউজিংয়ের সেন ম্যানশন নামে একটি বাড়ির পাশে একটি কাঁঠাল গাছ থেকে ঝুলন্ত অবস্থায় আব্দুল মান্নানের মরদেহ উদ্ধার করা হয়। মান্নান ওই বাড়ির কেয়ারটেকার হিসেবে চাকরি করতেন। ১১ তলার ছাদের একটি রুমে স্ত্রী ও সন্তানকে নিয়ে থাকতেন তিনি।




আব্দুল মান্নানের স্ত্রীর বরাত দিয়ে এসআই আব্দুল মোমিন জানান, মান্নান করোনায় আক্রান্ত হয়ে ১৫ জুন মুগদা হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে থাকা অবস্থায় শনিবার রাত সাড়ে ১০টার দিকে তার স্ত্রীকে ফোন দিয়ে বলেন, আমি রাতেই বাসায় চলে আসব। আমার খুব শ্বাসকষ্ট হচ্ছে। আমি হয়তো মরে যাব।




এরপর থেকে তার মোবাইলটি বন্ধ ছিল। পরে সকালে তার শ্যালক মুসা হাসপাতালে গিয়ে আব্দুল মান্নানকে দেখতে না পেয়ে পরে নার্সদের কাছে জিজ্ঞাসা করলে তারা জানায়, গতকাল শুক্রবার রাতে রোগী হাসপাতাল থেকে পালিয়ে গেছেন।

মান্নানের স্ত্রী ও এক ছেলে করোনায় আক্রান্ত। তারা ওই অ্যাপার্টমেন্টের বাসায় আইসোলেশনে আছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.