শ্বাসকষ্ট নিয়ে স্বামীর মৃত্যু, হাসপাতালে লাশ রেখে পালিয়ে গেলেন স্ত্রী - The News Lion

শ্বাসকষ্ট নিয়ে স্বামীর মৃত্যু, হাসপাতালে লাশ রেখে পালিয়ে গেলেন স্ত্রী




ঢাকা প্রতিনিধি : বাংলাদেশের নেত্রকোনার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাসের উপসর্গ জ্বর, শ্বাসকষ্ট ও পাতলা পায়খানা নিয়ে এক কৃষকের (৫৮) মৃত্যু হয়েছে। পরে ওই তার স্ত্রী আতঙ্কে লাশ রেখে পালিয়ে যান।

গতকাল বৃহস্পতিবার রাত ১২টায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া ওই কৃষকের বাড়ি জেলার আটপাড়া উপজেলায়।




আজ শুক্রবার বেলা পৌনে ১১টায় প্রশাসনের হস্তক্ষেপে মারা যাওয়া কৃষকের লাশ তার স্বজনরা বাড়িতে নিয়ে যান। পরে স্বাস্থ্যবিধি মেনে ওই কৃষককে দাফন করা হয়। কৃষক করোনায় আক্রান্ত ছিলেন কি না, তা জানার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মারা যাওয়া কৃষক বেশ কিছু দিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। এছাড়া তার হালকা জ্বর ও পাতলা পায়খানা ছিল। গতকাল বিকেলে তাকে নিয়ে তার স্ত্রী মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু অর্থনৈতিক অসচ্ছলতা থাকায় তাকে সেখানেই রাখা হয়। পরে রাত ১২টার দিকে তিনি মারা যান।




মৃত্যুর পর সঙ্গে থাকা তার স্ত্রী লাশ হাসপাতালে রেখে বাড়িতে চলে যান। পরে প্রশাসনের হস্তক্ষেপে আজ বেলা পৌনে ১১টায় স্বজনেরা এসে নিয়ম মেনে লাশ বাড়িতে নিয়ে দাফন করেন।

মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সজিব সাইফুল্লাহ বলেন, মারা যাওয়া ব্যক্তির ফুসফুসজনিত জটিলতায় শ্বাসকষ্ট ছিল। অবস্থা খারাপ দেখে তাকে ময়মনসিংহে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়। কিন্তু পরিবারের লোকজন তাকে নিয়ে যাননি। রাতে তিনি হাসপাতালে মারা যান। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি না, তা জানতে মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে।




মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ওয়ালীউল্লাহ বলেন, ওই কৃষকের লাশ আজ শুক্রবার সকালে স্বজনেরা এসে নিয়ে গেছেন। নিয়ম মেনে তাকে দাফন করা হয়েছে। এর আগে তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.