হাতির তান্ডবে আতঙ্ক ছড়ালো বাঁকুড়ার সোনামুখীতে
২৩ টি হাতির তান্ডবে এবার আতঙ্ক ছড়াল বাঁকুড়ার সোনামুখী রেঞ্জের বিভিন্ন এলাকায় । গত দুদিন ধরে সোনামুখী রেঞ্জের বিভিন্ন জঙ্গলে হাতিগুলি দাপিয়ে বেড়াচ্ছে বলে খবর।
বুধবার সকাল থেকে হাতিগুলি রয়েছে স্থানীয় হামিরহাটি বিটের ভোলা গ্রাম লাগোয়া জঙ্গলে। এতগুলি হাতি একসাথে এলাকায় দাপিয়ে বেড়ানোয় স্বাভাবিক ভাবেই চূড়ান্ত আতঙ্কের পরিবেশ তৈরী হয়েছে লাগোয়া মুশলো, বেলডাঙ্গা, কওরাশুলি, মাছডোবা, ভোলা সহ জঙ্গল লাগোয়া গ্রামগুলির বাসিন্দাদের।
এলাকার মানুষের দাবি লোকালয়ে না এলেও হাতির দলটি খাবারের সন্ধানে সন্ধ্যে হলেই নেমে আসছে পার্শ্ববর্তী জমিতে। ইতিমধ্যেই সামান্য কিছু জমিতে হাতির দলটি ক্ষয়ক্ষতি চালায় বলেও অভিযোগ। এলাকার মানুষের আশঙ্কা যে কোনো মুহুর্তে হাতির দলটি লোকালয়ে হানা দিয়ে বড়সড় ক্ষয়ক্ষতি চালাতে পারে।
বন দফতরের তরফে অবশ্য আস্বস্ত করা হয়েছে স্থানীয়দের। স্থানীয় বন দফতরের রেঞ্জার দয়াল চক্রবর্তী বলেন, হাতির দলের গতিবিধির উপর কড়া নজরদারি চালানো হচ্ছে।

Post a Comment