বাকুঁড়ায় ইটবৃষ্টি
বাঁকুড়ার ইন্দপুর থানা এলাকার হাটগ্রামে গ্রামের প্রাইমারী স্কুল সংলগ্ন রাস্তাকে কেন্দ্র করে দু’পাড়ার সংঘর্ষের ঘটনায় আহত তিন। ওই ঘটনায় আহত তিন জনের মধ্যে দু’জন বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে খবর, হাটগ্রামের নামো পাড়া ও উপর পাড়ার মধ্যে প্রাইমারী স্কুলের সামনের একটি রাস্তাকে কেন্দ্র করে দু’পক্ষের ঝামেলা দীর্ঘ দিনের।
সম্প্রতি নামো পাড়ার মানুষ ওই জায়গা তাদের দাবি করে রাস্তার একাংশে বেড়া দিয়ে দেয়। রাতে ওই বেড়া কেউ বা কারা খুলে ফেলে দিলে তাই নিয়ে মঙ্গলবার সকালে ঝামেলার সূত্রপাত। দু’পাড়ার মধ্যে এই ঝামেলা শেষ পর্যন্ত হাতাহাতি ও ইঁট বৃষ্টির পর্যায়ে পৌঁছে যায়। ঘটনার খবর পেয়ে গ্রামে পৌঁছায় ইন্দপুর থানার পুলিশ। ওই ঘটনায় তিনি নিজেও আহত দাবি করে গ্রামবাসী দীনবন্ধু কুণ্ডু বলেন, গুরুপদ নন্দী ও জীতেন দত্তের অবস্থা গুরুতর।
তাঁরা এখন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। আর এক গ্রামবাসী বিপত্তারণ খাঁ বলেন, রাস্তার যে জায়গা নামোপাড়ার লোক নিজেদের বলে দাবি করছে আদতে তা সরকারি কাগজপত্রে ‘সর্বসাধারণে ব্যবহারের জায়গা’ বলে উল্লেখ আছে। প্রথমে উত্তপ্ত বাক্যবিনিময় ও পরে তা হাতাহাতি ও ইঁট বৃষ্টিতে পরিনত হয় বলে তিনি জানান। যদিও পুলিশের পক্ষ থেকে এই ঘটনায় কোনও পক্ষই লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে জানানো হয়েছে।
Post a Comment