আত্মহত্যা বোকামি ছাড়া কিছুই নয়’ ফেসবুকে একথা লিখেই কলেজপড়ুয়ার আত্মহত্যা
ঢাকা প্রতিনিধি : ‘‘আত্মহত্যা বোকামি ছাড়া কিছুই নয়। জীবন মানে দুঃখ, কষ্ট, আনন্দ, বেদনা এসব মোকাবেলা করে জীবনকে এগিয়ে নিযে যেতে হবে! পরিশেষে একটা কথাই বলতে চাই, জীবন মানেই যুদ্ধ!’’ জীবন নিয়ে এমন উপলব্দির কথা ফেসবুকে লিখেই গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বাংলাদেশের চাঁদপুর জেলার মতলবের এক কলেজপড়ুয়া। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মতলব দক্ষিণ উপজেলা সদরের মধ্য কলাদী এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। আত্মহনকারী ওই শিক্ষার্থীর নাম আফসানা মিমি (১৭)।
তিনি মতলব পৌরসভার দক্ষিণ বাইশপুর গ্রামের মনির হোসেন ফরাজীর ছোট মেয়ে। সে স্থানীয় রয়মনেননেছা মহিলা ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে পড়তো। ঘটনার সত্যতা নিশ্চিত করে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার আইচ বলেন, কী কারণে ওই কলেজছাত্রী আত্মহত্যা ঘটেছে তা এখনো জানা যায়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আজ বুধবার লাশের ময়নাতদন্ত হবে। পুলিশ ও পরিবার সূত্রে জানায়, শহরের মধ্য কলাদী এলাকায় আব্দুর রব মিয়ার ভবনের তিনতলায় আফসানার বড় বোন হালিমা ভাড়া থাকে। ওই বাসায় আফসানা তার বোনের সঙ্গে থেকে পড়াশুনা করতো।
ঘটনার দিন হালিমা তার চার বছরের শিশু ছেলেকে আফসানার কাছে রেখে দক্ষিণ বাইশপুর গ্রামে বাবার বাড়িতে যায়। কিন্তু সন্ধ্যায় বাসায় ফিরে দেখে ভেতর থেকে দরজা লাগানো। পরে আশপাশের লোকজনের সহায়তায় হালিমা ঘরে ঢুকে বোনের ফাঁসিতে ঝুলানো লাশ দেখতে পায়। ওই কলেজপড়ুয়ার আত্মহত্যার বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। পুলিশ জানায়, আত্মহত্যার কিছুক্ষণ আগে Afsana MiMi (আফসানা মিমি) তার ফেসবুক পেজে একটি পোস্ট লিখে যায়। তবে সেখানে তার আত্মহত্যার জন্য কাউকে দায়ী করে কিছুই লিখে যায়নি। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
Post a Comment