১৩০ বছরের মধ্যে প্রথম স্থগিত হলো বারদীর লোকনাথ আশ্রমের উৎসব - The News Lion

১৩০ বছরের মধ্যে প্রথম স্থগিত হলো বারদীর লোকনাথ আশ্রমের উৎসব




ঢাকা প্রতিনিধি: আজ মঙ্গলবার হিন্দু ধর্মাবলম্বীদের আধ্যাত্মিক গুরু ও মহাসাধক শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩০তম তিরোধান দিবস। দিবসটি উদযাপনে বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারদীতে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে প্রতি বছর ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়। তবে এবার আর তা হচ্ছে না।

করোনাভাইরাসের কারণে এবারের ১৩০তম তিরোধান উৎসব স্থগিত ঘোষণা করেছে নারায়ণগঞ্জের জেলা প্রশাসন।

জেলা প্রশাসক মোহাম্মদ জসিম উদ্দিন গতকাল সোমবার রাতে সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেন। তবে আশ্রম কর্তৃপক্ষ পুরো আশ্রম এলাকা ভক্ত-সমাবেশ নিষিদ্ধ ও লকডাউনে রেখে নিজস্ব পুরোহিতের মাধ্যমে পূজা অর্চনা করবেন বলে ঘোষণা দিয়েছেন।




সংশ্লিষ্ট সূত্র জানায়, নারায়ণগঞ্জের বারদীতে অবস্থিত লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে প্রতি বছর বাংলা মাসের ১৯ জ্যৈষ্ঠ হিন্দু ধর্মাবলম্বীদের আধ্যাত্মিক গুরু ও মহাসাধক লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব পালন করা হয়।

দিবসটি উদযাপনে এখানে প্রতি বছর বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, ভুটান ও শ্রীলংকাসহ বিভিন্ন দেশের হাজার হাজার ভক্তের সমাগম ঘটে।

উৎসব শুরু হওয়ার ২-৩ দিন আগে থেকেই আশ্রমে থাকার হোস্টেল, বিশ্রামাগার ও বাড়িঘরসহ আশপাশের এলাকা ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে।




৩ দিনব্যাপী তিরোধান উৎসব ঘিরে আশ্রম কর্তৃপক্ষ পূজা অর্চনা, মঙ্গলপ্রদীপ প্রজ্বালন, কির্তন, রাজভোগ-বাল্যভোগ বিতরণ, সাজসজ্জা ও লোকজ মেলাসহ বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে।

করোনার কারণে ১৩০ বছরের মধ্যে এবারই প্রথম বারদী আশ্রমে তিরোধান উৎসব স্থগিত করা হয়েছে। ভক্ত-সমাবেশ নিষিদ্ধ ও আশ্রমের সব গেট লকডাউনে রেখে শুধু পুরোহিতের মাধ্যমে পূজা অর্চনা করা হবে বলে জানিয়েছে আশ্রম কর্তৃপক্ষ।




জেলা প্রশাসক জসিম উদ্দিন সংবাদমাধ্যমকে জানান, ২ ও ৩ জুন বারদীতে হিন্দু ধর্মাবলম্বীদের আধ্যাত্মিক সাধক শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী ১৩০তম তিরোধান উৎসব অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের ভয়াবহ পরিস্থিতির কারণে হাজার হাজার লোক সমাগম ঠেকাতে লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম কমিটির সঙ্গে আলোচনা করে এবারের অনুষ্ঠান স্থগিত ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন, করোনাভাইরাসের ভয়াবহতা নারায়ণগঞ্জসহ সারা দেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। এ অবস্থায় সোনারগাঁওয়ের বারদীতে তিরোধান উৎসবে হাজার হাজার লোক সমবেত হলে করোনার ভয়াবহ বিস্তার হতে পারে। সবার স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করেই প্রশাসন বারদী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে এবার তিরোধান উৎসব স্থগিত করেছে।




সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মনির জানান, লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে এবারের তিরোধান উৎসব স্থগিত করার বিষয়টি এলাকায় মাইকিং ও ব্যানার-ফ্যাস্টুন টাঙানোর মাধ্যমে সবাইকে অবহিত করা হচ্ছে।

এ ছাড়া আশ্রম এলাকায় লোক সমাগম এড়াতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে। তিনি আশ্রমে করোনাভাইরাসের কারণে এবারের তিরোধান উৎসবে যোগ না দেওয়ার জন্য হিন্দু সম্প্রদায়ের লোকজনদের প্রতি আহ্বান জানান।




বারদী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমের সাধারণ সম্পাদক ও সাংবাদিক শংকর কুমার দে জানান, করোনার ভয়াবহতার কারণে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সঙ্গে আশ্রম কমিটির আলাপ-আলোচনার মাধ্যমে ১৩০ বছরের মধ্যে এবারই প্রথম উৎসব স্থগিত করা হলো।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.