মালয়েশিয়ায় ‘বাঙালি গ্যাং' এর ৮ সদস্য গ্রেফতার
ছিনতাই ও ডাকাতির ঘটনায় ‘বাঙালি গ্যাং' এর পাঁচ নারীসহ আট সদস্যকে গ্রেফতার করেছে মালয়েশিয়ার পুলিশ।
রাজধানী কুয়ালালামপুরের পাশ্ববর্তী বুকিত দামানসারা এলাকায় প্লাজা দামানসারা অফিসে ডাকাতির ঘটনায় তাদের গ্রেফতার করা হয়। এ সময় পিস্তল ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে একজন রোহিঙ্গা। অন্যরা ভারত, ইন্দোনেশিয়া, চিন ও স্থানীয় নাগরিক বলে জানায় পুলিশ। যাদের বয়স ২৮ থেকে ৫৯ বছর।
কুয়ালালামপুর পুলিশের প্রধান দাতুক সেরি মাজলান বলেন, মে মাসের প্রথম দিকে প্লাজা দামানসারা অফিসে ডাকাতির ঘটনায় তদন্ত করতে গিয়ে বাঙালি গ্যাং এর খোঁজ মেলে। এরপর আমরা তাদের গতিবিধি পর্যবেক্ষণ শেষে ১ জুন সোমবার কেলাং থেকে গ্রেফতার করতে সক্ষম হই।
তিনি আরও বলেন, এই গ্যাংটি দীর্ঘ একবছর ধরে রাজধানীর পাশ্ববর্তী এলাকায় ডাকাতি, ছিনতাই করেছে এবং তাদের বিরুদ্ধে ১৬টি অভিযোগ রয়েছে।
এছাড়া তাদের সঙ্গে আর কারা জড়িত রয়েছে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। এ সময় পুলিশের পক্ষ থেকে জনসাধারণকে ০৩ ২১৪৬০৬৭০ নম্বরে ফোন করে সহযোগিতার অনুরোধ জানিয়েছেন পুলিশ প্রধান।
Post a Comment