ঢাকায় বাসের ভাড়া বাড়লো ৬০ শতাংশ
ঢাকা প্রতিনিধি : বাংলাদেশে বাস ও মিনিবাসের ভাড়া ৬০ শতাংশ বাড়িয়েছে সড়ক পরিবহন মন্ত্রণালয়। রবিবার (৩১ মে) ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সে এ কথা জানান তিনি।
এ সময় মন্ত্রী বলেন, দেশের জনগণের জন্য ৮০ শতাংশ ভাড়া বৃদ্ধি বাড়তি চাপ তৈরি করবে। সরকারকে যেমনি যাত্রীদের স্বার্থ দেখতে হবে, তেমনই পরিবহন খাতকেও সহযোগিতা করতে হবে।
তিনি বলেন, এই মুহূর্তে জনগণের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়েই সরকার প্রস্তাবিত ভাড়ার হার কমিয়ে যৌক্তিক পর্যায়ে সমন্বয় করতে যাচ্ছে।
এ সংকটকালে জনস্বার্থে সরকার নির্ধারিত ভাড়ার হার ও স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চালানোর জন্য পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের সকলের সহযোগিতা কামনা করেন মন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, করোনা কালীন বাস-মিনিবাসগুলোকে মোট আসনের অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে হবে। করোনা সংক্রমণ রোধে অর্ধেক আসন খালি রাখতে হবে। যানবাহনের যাত্রী, গাড়িচালক, সহকারী, কাউন্টার কর্মীসহ সকলকে স্বাস্থ্য বিভাগের নির্দেশনা প্রতিপালন এবং মাস্ক পরিধানে অনুরোধ জানান।
ভিডিও কনফারেন্সে সড়ক বিভাগের এডিপি বাস্তবায়নের সন্তোষ প্রকাশ করেন তিনি। বলেন, প্রকল্পসমূহের চলমান কাজ দ্রুত বাস্তবায়ন করতে হবে। উন্নয়ন একটি বহুমাত্রিক প্রক্রিয়া উন্নয়ন থেমে গেলে জীবন থেমে যাবে।
বিভিন্ন প্রকল্পে কর্মরত শ্রমিকদের স্বাস্থ্য বিধি নিশ্চিত করার পাশাপাশি। যথাসময়ে তাদের বেতন-ভাতা পরিশোধের নির্দেশ দেন মন্ত্রী।
এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলামসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অধীনস্থ সংস্থাসমূহের প্রধানগণ উপস্থিত ছিলেন।
Post a Comment