আর বেশি দেরি নেই, দিঘা থেকে মাত্র কয়েক’শ কিলোমিটার দূরে ‘আমফান’
সেতু নিউজঃ আর বেশি দেরি নেই, সুপার সাইক্লোন মাত্র কয়েক’শ কিলোমিটার দূরে অবস্থান করছে বলে জানা গিয়েছে। সোমবার সন্ধেয় এই আপডেট দিয়েছে মৌসম ভবন। আর সেই আপডেট অনুযায়ী দিঘা থেকে ৮৯০ কিলোমিটার দূরে ও পারাদ্বীপ থেকে ৭০০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় আমফান। এই ঝড় ভয়ঙ্কর রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পশ্চিমবঙ্গে এর ব্যাপক প্রভাব পড়বে বলেও জানা গিয়েছে। এই ঝড়ের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে পূর্ব মেদিনীপুর জেলার উপকূলবর্তী অঞ্চলেও। ইতিমধ্যে পূর্ব মেদিনীপুর জেলার দিঘা সহ একাধিক উপকূলবর্তী অঞ্চলে জেলা প্রশাসনের তরফ থেকে সর্তকতা জারি করা হয়েছে।
ইতিমধ্যে দিঘায় পৌঁছেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা। ঘূর্ণিঝড় আমফানের গতিপথ সাগরদ্বীপ হলেও তার ব্যাপক প্রভাব পড়তে পারে এ রাজ্যের উপকূলবর্তী অঞ্চল গুলিতে। আশঙ্কা করা যাচ্ছে বুধবার দুপুর থেকেই আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড় আমফান। যার প্রভাব হিসেবে এ রাজ্যে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই ইতিমধ্যে করোনা মোকাবিলার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার উপকূলবর্তী অঞ্চলে আমফন মোকাবিলায় নেমে পড়েছে জেলা প্রশাসন। ইতিমধ্যে দুর্যোগ মোকাবিলার জন্য দিঘায় ৩২ জন সদস্যের জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী দিঘায় এসে পৌঁছে গিয়েছে। এছাড়াও রাজ্য সরকারের তরফ থেকে একটি সিভিল ডিফেন্স টিম দিঘায় মোতায়েন রাখা হয়েছে। এমনিতেই লকডাউনের কারণে দিঘা সহ আশেপাশের সৈকত গুলি পর্যটক শূন্য রয়েছে।
ঘূর্ণিঝড় আমফানের ব্যাপক প্রভাব পড়তে পারে জেলার রামনগর-১ ও ২, কাঁথি-১ ও ২, খেজুরি-২ সহ জেলার একাধিক উপকূলবর্তী ব্লক গুলিতে। তাই এই সমস্ত জায়গার একাধিক সাইক্লোন রেসকিউ সেন্টার সহ কিছু স্কুল ভবনে বিপন্ন মানুষদের থাকার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও জেলায় ৪৩টি সাইক্লোন রেসকিউ ও ৩০ টি ফ্লাড সেন্টার প্রস্তুত রাখা হয়েছে।
বিপন্ন মানুষদের জন্য উপকূলবর্তী এলাকার পঞ্চায়েত ও বিডিও অফিসের তরফ থেকে খাবার দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পার্থ ঘোষ বলেন, “আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতো ঘূর্ণিঝড় আমফানের বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে গোটা জেলাতেই। সমুদ্র উপকূল এলাকার মানুষজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়ার যাবতীয় পরিকল্পনা নেওয়া হয়েছে। বিদ্যুৎ, পানীয়জল সহ জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত প্রতিটি বিভাগকে সতর্ক থাকতে বলা হয়েছে।
Post a Comment