ধেয়ে আসছে আম্ফান, ১২ হাজারের বেশি আশ্রয়কেন্দ্র প্রস্তুত - The News Lion

ধেয়ে আসছে আম্ফান, ১২ হাজারের বেশি আশ্রয়কেন্দ্র প্রস্তুত




ঢাকা প্রতিনিধিঃ          প্রবল ঘূর্ণিঝড় আম্পান ধেয়ে আসছে। এই ঝড় মোকাবেলায় ১২ হাজার ৭৮টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।
আজ মঙ্গলবার ঢাকায় মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে ঘূর্ণিঝড় আম্পান মোকাবেলায় সরকারের প্রস্তুতি বিষয়ে সাংবাদিকদের অনলাইন ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। এ সময় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ কামাল উপস্থিত ছিলেন।




প্রতিমন্ত্রী জানান, এসব আশ্রয়কেন্দ্রে ৯১ লক্ষ ৫৪ হাজার মানুষকে আশ্রয় দেওয়া সম্ভব। কিন্তু করোনাভাইরাসের কারণে সামাজিক দূরত্ব বজায় রাখার স্বার্থে আশ্রয়কেন্দ্র সমূহে ২০ থেকে ২২ লক্ষ মানুষকে আশ্রয় দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে উপকূলীয় এলাকার মানুষজনকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা শুরু হয়েছে বলেও জানান তিনি।




আশ্রয়কেন্দ্রে অবস্থানকালে মানুষজন ও গবাদিপশুর যাতে খাবারের কোন সমস্যা না হয় সে জন্য উপকূলীয়সহ মোট ১৯টি জেলা যথাক্রমে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী, বরগুনা, ভোলা, পিরোজপুর, বরিশাল, ঝালকাঠি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ এবং শরীয়তপুরের জন্য ৩১ হাজার মেট্রিক টন চাল, ৫০ লক্ষ নগদ টাকা, শিশু খাদ্য ক্রয়ের জন্য ৩১ লক্ষ টাকা, গো-খাদ্য ক্রয়ের জন্য ২৮ লক্ষ টাকা এবং শুকনো ও অন্যান্য খাবারের ৪২ হাজার প্যাকেট ইতিমধ্যে পাঠানো হয়েছে। জেলা প্রশাসনের চাহিদা অনুযায়ী আরও বরাদ্দ দেওয়া হবে।




এর আগে প্রতিমন্ত্রী ঘূর্ণিঝড় আম্পান মোকাবেলায় পূর্ব প্রস্তুতি ও করণীয় বিষয়ে অনলাইনে আন্তঃমন্ত্রণালয় সভায় অংশগ্রহণ করেন। সভায় মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের সচিব ও সিনিয়র সচিব এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার উর্দ্ধতন কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.