নতুন প্রধান নির্বাচিত হল বেলাড়ি গ্রাম পঞ্চায়েতে
দি নিউজ লায়নঃ সপ্তাহ দুয়েক আগেই উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভার বেলাড়ি গ্রাম পঞ্চায়েতের দখল নিয়েছিল তৃণমূল কংগ্রেস। আর বুধবার এই পঞ্চায়েতের নতুন প্রধান নির্বাচিত হল। এদিন দুপুরে রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের মন্ত্রী তথা উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের বিধায়ক পুলক রায় এবং হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশীষ বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে শিখা প্রামানিককে নতুন পঞ্চায়েত প্রধান হিসেবে নির্বাচিত করা হয়।
এদিন মন্ত্রী পুলক রায় জানান বেলাড়ি গ্রাম পঞ্চায়েত দখলের সাথে সাথেই উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভার ১৩ টি গ্রাম পঞ্চায়েতের দখল নিল তৃণমূল কংগ্রেস। তিনি বলেন বিধানসভার অন্যান্য গ্রাম পঞ্চায়েতের মত এই পঞ্চায়েত ও মানুষের পাশে থেকে এলাকার উন্নয়নে কাজ করবে।
প্রসঙ্গত গত পঞ্চায়েত নির্বাচনে বেলাড়ি গ্রাম পঞ্চায়েতের ১২ টি আসনের মধ্যে বিজেপি পেয়েছিল ৮ টি আসন এবং তৃণমূল পেয়েছিল ৪ টি আসন। যদিও পরবর্তী সময়ে বিজেপির ৪ সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় তৃণমূলের আসন সংখ্যা বেড়ে হয় ৮। আর এরপরেই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনে তৃণমূল। গত দুই সপ্তাহ আগে ভোটাভুটিতে বিজেপি পরাজিত হয় এবং বুধবার নতুন প্রধান নির্বাচিত হয়।

Post a Comment