কোভিডে আক্রান্ত হওয়ার পরের প্রথম দুই সপ্তাহে বেড়ে যায় হৃদরোগের আশঙ্কা
দি নিউজ লায়নঃ করোনা আতঙ্কে গোটা বিশ্ব। তারই মধ্যে এবার আশঙ্কা বাড়িয়ে সামনে এলো ল্যানসেটের নতুন সমীক্ষা। যেখানে তীব্র আশঙ্কা প্রকাশ করা হয়েছে হার্টের রোগীদের জন্য। বিখ্যাত মেডিকেল জার্নালে প্রকাশিত নতুন রিপোর্টের দাবি, কোভিডে আক্রান্ত হওয়ার পরের প্রথম দুই সপ্তাহে বেড়ে যায় হৃদরোগের আশঙ্কা। রিপোর্টের দাবি, মায়োকার্ডিয়াল ইনফ্র্যাকশন বা হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা তিনগুণ বেড়ে যায় মারণ ভাইরাসে আক্রান্ত হওয়ার পরের প্রথম দুই সপ্তাহে।
গত বছর ফেব্রুয়ারি মাসের শুরু থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত সুইডেনে একটি সমীক্ষা চালায় ল্যানসেট। যেখানে উঠে এসেছে এই চিন্তার তথ্য। রিপোর্টে উল্লেখ, কোভিড আক্রান্ত ৩ লাখ ৪৮ হাজার ৪৮১ জনের ওপর সমীক্ষা চালানো হয়েছিল। যেখানে দেখা গেছে প্রথম দুই সপ্তাহের মধ্যেই হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন ৮৬ হাজার ৭৪২ জন। সুইডেনের উমেয়া ইউনিভার্সিটির তথা এই সমীক্ষা রিপোর্টের সহলেখক ফনসেকা রডরিগেজ বলেছেন, ‘সমীক্ষা চালিয়ে আমরা দেখতে পেয়েছি করোনা আক্রান্ত হওয়ার প্রথম দুই সপ্তাহের মধ্যে হৃদরোগের আশঙ্কা তিনগুণ বেড়ে যায়।’
কো-মর্বিডিটি, বয়স, লিঙ্গ, আর্থ-সামাজিক অবস্থা ভেদে আশঙ্কা সবার ক্ষেত্রেই বাড়ে বলেই সমীক্ষায় দাবি। সুইডেনের উমেয়া ইউনিভার্সিটির তথা এই সমীক্ষা রিপোর্টের অপর সহলেখক লোয়ানিস কাটসৌলারিস বলেছেন, ‘সমীক্ষায় যে তথ্য উঠে এসেছে, তা থেকে বলা যায় হৃদযন্ত্রের অল্প সমস্যাও থাকলে কোভিড আক্রান্ত হওয়ার জেরে তা মারাত্মক আকার ধারণ করতে পারে।’ এই রিপোর্টের মাধ্যমে ফের একবার সামনে তুলে ধরা হয়েছে ভ্যাকসিনেশনের গুরুত্বও। সমীক্ষকদের দাবি, করোনা আক্রান্ত কোনোভাবে হয়ে পড়লেও তার বিরুদ্ধে শরীরের ইমিউনিটি পাওয়ার বা অনাক্রম্যতাকে লড়াই করার শক্তি জোগায় ভ্যাকসিন।

Post a Comment