জুতোতে করে সোনার বিস্কুট পাচারের ছক, গ্রেপ্তার মহারাষ্ট্রের বাসিন্দা
দি নিউজ লায়ন; পাচারের কায়দায় বদল! জুতোর সোলে থাকা বিশেষ চেম্বারে বেআইনি সোনার বিস্কুট মজুদ করে পাচারের ছক। গ্রেপ্তার ব্যক্তি। ধৃতের নাম রঞ্জিত হানামন্ত্ররাও যাদব। ধৃত মহারাষ্ট্রের বাসিন্দা। জানা গিয়েছে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শিলিগুড়ি বর্ধমান রোডে আসাম থেকে আগত রাত নটা নাগাদ এক বাসে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে রাজস্ব গোয়েন্দা দপ্তর। প্রথমে তাকে জিজ্ঞাসাবাদ করলেও সে সাফ অস্বীকার করে জানায় তার সঙ্গে কোনো বেআইনি সামগ্রী নেই।
এরপরই তল্লাশি চালাতেই তার পায়ের জুতোয় থাকা বিশেষ চেম্বারের খোঁজ পান গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা। দুই পায়ের জুতোর তলার সোল থেকে ছয়টি বেআইনি সোনার বিস্কুট উদ্ধার করা হয়। যার মোট ওজন ৯৯৬গ্রাম। এক একটির ১৬৬গ্রাম ওজন। যার বাজার মূল্য ৪৯লক্ষ ৫৭হাজার ৮৯৪ টাকা। শিলিগুড়ি আদালত সূত্রে জানা গিয়েছে ধৃত এই চক্রে ক্যারিয়ার হিসেবে কাজ করে।মণিপুরের মায়নমার সীমান্ত থেকে এই বিদেশি সোনার বিস্কুট নিয়ে শিলিগুড়িকে করিডর করে তা কলকাতায় পাচারের উদ্দেশ্য ছিল তার। উদ্ধার হওয়া ছয়টি সোনার বিস্কুটেই বিদেশী ফরেন মার্ক রয়েছে। ধৃতকে বৃহস্পতিবার শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। ধৃতের বিরুদ্ধে কাস্টম এক্ট ১০৮ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Post a Comment