একদিনের মধ্যে যুবক খুনের কিনারা করলো বর্ধমান থানার পুলিশ
দি নিউজ লায়ন; একদিনের মধ্যে যুবক খুনের কিনারা করলো বর্ধমান থানার পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় সরাইটিকরের দীঘিরপার এলাকা থেকে গলা কাটা এক যুবকের মৃতদেহ উদ্ধার করে বর্ধমান থানার পুলিশ।খুনের তদন্তে নেমে শুক্রবার সন্ধ্যায় প্রতিবেশি এক যুবককে পুলিশ আটক করে। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর খুনের কথা কবুল করে অভিযক্ত নিরু মাঝি। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রদীপ মাঝি নামে এক ব্যাক্তির গলা কাটা মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সরাইটিকরের দীঘিরপার এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বর্ধমান থানার আইসি পিন্টু সাহা সহ বিশাল পুলিশ বাহিনী। পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। মৃত প্রদীপ মাঝি(২২)পেশায় রাজমিস্ত্রীর জোগাড়ের কাজ করতো।
দেহ শনাক্ত করার পর খুন নিয়ে ধন্দে ছিল প্রদীপের পরিবার। জেলার অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহরায় বলেন, ঘটনার বিষয়ে বিস্তারিত জানার জন্য নিরু মাঝিকে পুলিশী হেফাজতে নেওয়া হবে। মৃত প্রদীপ মাঝির সঙ্গে অভিযুক্ত নিরু মাঝির স্ত্রীর অবৈধ সম্পর্ক ছিলো। অবৈধ সম্পর্কের জেরে নিরু মাঝির স্ত্রী প্রদীপ মাঝির সঙ্গে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। পুলিশের অনুমান সেই আক্রোশেই সে প্রদীপকে খুন করে। তবে এর সঙ্গে আরো কেউ যুক্ত আছে কিনা বা কি অস্ত্র দিয়ে খুন করা হয়েছে সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান অভিযুক্ত নিরু মাঝিকে নিজেদের হেফাজতে নিয়ে ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনঃনির্মাণ করা হবে।

Post a Comment