তৃণমূল কর্মীকে মারধরের ঘটনায় গ্রেপ্তার ১
দি নিউজ লায়নঃ শহীদ দিবসের কর্মসূচিতে যাওয়ার সময় তৃণমূল কর্মীকে মারধরের ঘটনায় পুলিস একজনকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটে বর্ধমান থানা এলাকায়। ধৃতের নাম কৃষ্ণচন্দ্র মালিক। বর্ধমান থানার রায়ানের সাতগড়িয়ায় তার বাড়ি। পুলিস জানিয়েছে, রায়ান গ্রামের রামমোহন ভট্টাচার্য বুধবার দুপুরে একুশে জুলাইয়ের কর্মসূচিতে সাতগড়িয়ার সভায় যোগ দিতে যাচ্ছিলেন।
পথে কৃষ্ণচন্দ্র মদ্যপ অবস্থায় এসে পথ আটকে তাঁকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করে। তাতে তিনি গুরুতর জখম হন। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর মাথায় বেশ কয়েকটি সেলাই হয়।
রামমোহন নিজেই ঘটনার কথা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে মারাত্মকভাবে জখম করা ও খুনের চেষ্টার ধারায় মামলা রুজু হয়েছে। বুধবার রাতে বর্ধমান স্টেশন মোড় থেকে পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে ৫ আগস্ট ধৃতকে ফের আদালতে পেশের নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম।

Post a Comment