ব্রাউন সুগার সহ গ্রেফতার এক মাদক পাচারকারী
দি নিউজ লায়নঃ ফের ব্রাউন সুগার সহ এক মাদক পাচারকারীকে গ্রেফতার করল মোথাবাড়ি থানার পুলিশ। সোমবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে মোথাবাড়ি থানার পুলিশ অচিনটোলা এলাকায় অভিযান চালায়। সেখান থেকে ৪৮০ গ্রাম ব্রাউন সুগার সহ ওই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত মাদক কারবারীর নাম শাহাজাহান আলী। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ৪৮০ গ্রাম ব্রাউন সুগার। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বর্তমান বাজার মূল্য প্রায় সাত লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ। ধৃত ওই মাদক কারবারি বাড়ি মোথাবাড়ি থানার সরদার পাড়া এলাকায়। পুলিশ জানিয়েছে, সোমবার গভীর রাতে শাহজাহান আলী নামে ওই ব্যক্তি প্লাস্টিকের প্যাকেট বন্দি ব্রাউন সুগারগুলি নিয়ে বাইরে পাচার করার পরিকল্পনা নিয়েছিল। তার আগেই গোপন সূত্রে খবর পেয়ে ওই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

Post a Comment