পশ্চিম মেদিনীপুরের স্কুলে স্কুলে পড়ুয়াদের বিক্ষোভ
দি নিউজ লায়নঃ শুক্রবার বিকেল থেকেই স্কুল থেকে মার্কশিট তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের হাতে ।নম্বর কম পাওয়ায় ছাত্র ছাত্রীদের বিক্ষোভের জেরে শনিবার উত্তাল হয়ে ওঠে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর শহরের ইন্দা কৃষ্ণলাল শিক্ষা নিকেতন স্কুল। বন্ধ হয়ে যায় একাদশ শ্রেণীর ভর্তি প্রক্রিয়া। স্কুলের আসবাব বাইরে এনে চালানো হয় ব্যাপক ভাঙচুর।
তাদের অভিযোগ , অন্যায় ভাবে ফেল করানো হয়েছে। উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা স্কুল চত্বরের বাইরে । করোনার সময় সামাজিক দুরুত্ববিধি শিকেয় তুলে স্কুলের বাইরে এই ধরনের ছাত্রছাত্রীদের জমায়েত ও বিক্ষোভ চলতে থাকে । পরিস্থিতি সামাল দিতে নামানো হয় পুলিশকে । খড়্গপুরের নিমপুরা এলাকাতেও আর্য্য বিদ্যাপীঠ স্কুলের ছাত্রছাত্রীরা মালঞ্চর প্রধান রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়।বিক্ষোভ দেখায় সিলভার জুবলী স্কুলের ছাত্রছাত্রীরা ।
তাদের দাবি তাদের সকলকে পাশ করতে হবে । একাদশের নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করা চলবে না । ছাত্র গোবিন্দ চক্রবর্তী জানায় , পাশ না করানো পর্যন্ত তাদের অবরোধ , বিক্ষোভ সহ আন্দোলন চলতে থাকবে । এদিকে এদিন মেদিনীপুরের বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালক ও বালিকা বিদ্যালয়ের ফেল করা ছাত্রছাত্রীরা স্কুলের প্রধান ফটক ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে । পাশ না করানো পর্যন্ত অবস্থানে অনড় থাকবে বলে তারা জানায় ।
অনেক ছাত্রছাত্রী মেদিনীপুরে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে গিয়ে বিক্ষোভ দেখায় ।পুলিশ গিয়ে আলোচনায় বসার প্রস্তাব দিলেও নিজেদের পাশের দাবিতে অনড় থাকে তারা । এছাড়াও পশ্চিম মেদিনীপুর জেলার আরো কয়েকটি বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিকে ফেল করা ছাত্র-ছাত্রীরা বিদ্যালযে গিয়ে বিক্ষোভ দেখায়। যার ফলে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। যেভাবে ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে পথ অবরোধ করে ও বিদ্যালয়ের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে তাতে পরিস্থিতি ক্রমশ জটিল হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ছাত্রছাত্রীরা আগামী দিনেও বিক্ষোভ আন্দোলন অব্যাহত থাকবে বলে জানায়।

Post a Comment