দেগঙ্গা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হলেন তৃণমূল কংগ্রেসের মোসলেমা খাতুন
দি নিউজ লায়নঃ কলসুর গ্রাম পঞ্চায়েতের পর এবার দেগঙ্গা এক নম্বর গ্রাম পঞ্চায়েত। এই গ্রাম পঞ্চায়েতে সোমবার নতুন প্রধান হলেন তৃণমূল কংগ্রেসের মোসলেমা খাতুন। এদিন বিনা প্রতিদ্বন্দিতায় প্রধান নির্বাচিত হন মোসলেমা। পারিবারিক সমস্যার জন্য কয়েক দিন আগে প্রধানের পদ থেকে পদত্যাগ করেছিলেন আঞ্জুরা বিবি।
ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে দেগঙ্গা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ১৫। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস ১৩ টি, বিজেপি এবং সিপিএম একটি করে আসনে জয়ী হয়েছিল। প্রধান হয়েছিলেন তৃণমূলের আঞ্জুরা বিবি।আর উপপ্রধান হয়েছিলেন বাসন্তী ঘোষ। পঞ্চায়েত গঠনের কয়েক মাস পরেই অবশ্য মৃত্যু হয়েছিল উপপ্রধান বাসন্তী ঘোষের। ফলে তৃণমূল কংগ্রেসের সদস্য সংখ্যা কমে দাঁড়ায় ১২ ।
সম্প্রতি পারিবারিক সমস্যার কারণে প্রধানের পদ থেকে সরে দাঁড়ান আঞ্জুরা বিবি। ফলে দেগঙ্গা এক নম্বর পঞ্চায়েতে নতুন প্রধান নির্বাচনের প্রয়োজন হয়ে পড়ে। সোমবার ছিল নতুন প্রধান নির্বাচনের দিন। এদিন প্রধান নির্বাচনের সভায় মোট ১১ জন সদস্য উপস্থিত ছিলেন। তৃণমূলের প্রাক্তন প্রধান আঞ্জুরা বিবি সহ সিপিএম এবং বিজেপির তিনজন সদস্য সভায় অনুপস্থিত ছিলেন। বিকল্প নাম প্রস্তাব না হওয়ায় মোসলেমা খাতুন বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রধান নির্বাচিত হন।
তৃণমূল সূত্রে জানা গেছে মোসলেমার স্বামী আব্দুর রউফ ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত এই পঞ্চায়েতেরই প্রধান ছিলেন। এদিন নতুন প্রধান মোসলেমা খাতুনকে শুভেচ্ছা জানিয়েছেন জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ এ কে এম ফারহাদ। তিনি বলেন আঞ্জুরা বিবি পারিবারিক সমস্যার কারনে প্রধানের পদ থেকে পদত্যাগ করেছিলেন।
দেগঙ্গা ১ পঞ্চায়েতের নতুন প্রধান মোসলেমা খাতুন বলেন সকলকে নিয়ে পঞ্চায়েতের সার্বিক উন্নয়ন করাই হবে আমার প্রধান লক্ষ্য।

Post a Comment