টাওয়ার বসানোর আশ্বাস দিয়ে ফের প্রতারণার অভিযোগ - The News Lion

টাওয়ার বসানোর আশ্বাস দিয়ে ফের প্রতারণার অভিযোগ

 


দি নিউজ লায়নঃ   টাওয়ার বসানোর আশ্বাস দিয়ে ফের প্রতারণার ঘটনা ঘটল। ভাতার থানার রাজিপুরে এক ব্যক্তিকে জমিতে টাওয়ার বসানোর টোপ দিয়ে বেশকিছু টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা। জমিতে টাওয়ার বসেনি। টাওয়ার বসানোর জন্য দেওয়া টাকা ফেরতও দেয়নি প্রতারকরা। বাধ্য হয়ে ভাতার থানায় অভিযোগ দায়ের করেছেন মহম্মদ আনাম শেখ। অভিযোগ জানানোর পর বেশ কিছুদিন কেটে গিয়েছে। কিন্তু, প্রতারকরা ধরা পড়েনি। ভাতার থানার এক অফিসার বলেন, তদন্ত শুরু হয়েছে। ব্যাংক অ্যাকাউন্ট এবং ফোনের সূত্র ধরে কিছু তথ্য মিলেছে। সেইসব তথ্য খতিয়ে দেখা হচ্ছে।


পুলিস সূত্রে জানা গিয়েছে, রাজিপুরের বাসিন্দা মহম্মদ আনাম শেখ কিছুদিন আগে একটি ফোন পান। এক মহিলা ফোন করে তাঁর জমিতে টাওয়ার বসানোর প্রস্তাব দেয়। টাওয়ার বসালে তাঁকে কিছু টাকা দেওয়া হবে। পাশাপাশি মোবাইল সংস্থায় একটি চাকরিও দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়। টাওয়ার বসানোর জন্য কাগজপত্র তৈরি করতে একটি অ্যাকাউন্টে তাঁকে টাকা পাঠাতে বলা হয়। সেইমতো তিনি একটি অ্যাকাউন্টে টাকা পাঠান। এরপর ফের তাঁকে হোয়াটসঅ্যাপ করে কিছু নথিপত্র পাঠাতে বলা হয়। তিনি তা পাঠিয়ে দেন। কিছুদিন পর তাঁকে ফের টাকা পাঠাতে বলা হয়। তিনি আবার প্রতারকদের দেওয়া অ্যাকাউন্ট নম্বরে টাকা জমা করেন। দিনকয়েক পর আবার তাঁকে টাকা পাঠাতে বলা হয়। টাকা না পাঠালে টাওয়ার বসানো হবেনা বলে সাফ জানিয়ে দেয় তারা। প্রতারকদের খপ্পড়ে পড়েছেন বুঝতে পেরে এরপর আনাম থানায় অভিযোগ দায়ের করেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.