গত বছরের স্বর্ণঋণ দান সংস্থায় ডাকাতির ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করল সিআইডি
দি নিউজ লায়ন; গত বছরের জুলাই মাসে বর্ধমান শহরের বিসি রোডে স্বর্ণঋণ দান সংস্থায় ডাকাতির ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করল সিআইডি। বিহারের বিদুপুর থানার পানাপুরের বাসিন্দা রাজু কুমার মালি ওরফে আমনকে ডাকাতির মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য বৃহস্পতিবার বর্ধমান সিজেএম আদালতে আবেদন জানায় সিআইডি। আগামী ২৫ জুন তাকে আদালতে পেশ করার জন্য নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত সিজেএম। আমন বিহারের কুখ্যাত দুষ্কৃতি।
তার বিরুদ্ধে বিহারের বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। বর্তমানে সে একটি মামলায় হাজিপুর জেলে রয়েছে। সেখানে গিয়ে সিআইডির গোয়েন্দারা তাকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে বর্ধমানের স্বর্ণঋণ দান সংস্থায় ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আমন। এরপরই তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন জানায় সিআইডি। উল্লেখ্য, গত বছরের ১৪ জুলাই স্বর্ণঋণ দান সংস্থায় ডাকাতির ঘটনা ঘটে।
সংস্থার কর্মী ও নিরাপত্তা রক্ষীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে একটি ঘরে বন্ধ রেখে ২ কেজি ২০৫ গ্রাম ২০ মিলিগ্রাম সোনার গয়না নিয়ে চম্পট দেয় ৫-৬ জনের একটি দল। লুট করা সোনার মূল্য ১৪ কোটি ৫৬ লক্ষ টাকা। পালানোর সময় বাধা পেয়ে এক ব্যক্তিকে গুলি করে ডাকাত দলটি। সেই ঘটনার তদন্তে নামে সিআইডি। এই ঘটনায় সিআইডি ইতিমধ্যেই রূপ সিং বাঘল ওরফে নিরন্তক ওরফে বুধন রাণার নামে আদালতে চার্জশিট পেশ করেছে। তবে, ঘটনায় আরও কয়েকজন জড়িত বলে জেনেছে সিআইডি। তাই, চার্জশিট পেশ করলেও তদন্ত বন্ধ হবে না বলে জানিয়েছে সিআইডি।

Post a Comment