এবার পাড়ায় পাড়ায় করোনা পরীক্ষা
দি নিউজ লায়ন; এবার পাড়ায় পাড়ায় করোনা পরীক্ষা করার উদ্যোগ নিল আমতার বিধায়ক সুকান্ত পাল। বৃহস্পতিবার আমতা বিধানসভার নওপাড়া চৌরাস্তা, বেতাই বন্দর ও জয়ন্তী গ্রামের ৯৭ জন মানুষের করোনা পরীক্ষা করা হয়। সারা দেশের পাশাপাশি রাজ্য করোনার গ্রাফ নিম্নমুখী হওয়ায় স্বস্তি ফিরেছে মানুষের মধ্যে। যদিও চিকিৎসকদের মতে আরো বেশি করে সাধারণ মানুষকে করোনা পরীক্ষা এবং টিকার আওতায় না আনতে পারলে এই স্বস্তি দীর্ঘস্থায়ী হবে না।
সুতরাং আরো বেশি করে করোনা পরীক্ষা এবং টিকাকরণ অত্যন্ত জরুরী। সূত্রের খবর তবে আগের থেকে এখন অনেক বেশি মাত্রায় করোনা পরীক্ষা করা হলেও সংক্রমনের ভয়ে অনেকেই স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে পরীক্ষা করাতে চাইছে না। আর এইসব মানুষদের আতঙ্ক দূর করতে এবার পাড়ায় পাড়ায় করোনা পরীক্ষার উদ্যোগ নিলেন বিধায়ক সুকান্ত পাল।
বৃহস্পতিবার থেকে এই কর্মসূচি শুরু হলেও আগামী দিনে বিধানসভার প্রতিটি অঞ্চলের প্রতিটি পাড়ায় এইভাবে করোনা পরীক্ষা করা হবে। এই প্রসঙ্গে বিধায়ক সুকান্ত পাল জানান বেশি করে করোনা পরীক্ষার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই আয়োজন।

Post a Comment