রোগীর আত্মীয় এবং দুঃস্থ মানুষদের হাতে মাংস , ভাত তুলে দিলেন সাবিনা ইয়াসমিন
দি নিউজ লায়ন; মেডিকেল কলেজে আসা রোগীর আত্মীয় এবং দুঃস্থ মানুষদের হাতে মুরগির মাংস , ভাত সঙ্গে পাঁপড় ভাজা, সবজি আর চাটনি থালা ভর্তি করে তুলে দিলেন রাজ্যের সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন। গত এক সপ্তাহের বেশি সময় ধরে কমিউনিটির কিচেন করে এরকমভাবে রোগীর আত্মীয় এবং দুঃস্থ মানুষদের খাবার পরিবেশন করে যাচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ। রবিবার দুপুরে জেলা তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের সাথে বিনামূল্যে এই খাবার পরিবেশনে সামিল হন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন ।
এদিন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে রীতিমতো ক্যাম্প করে কয়েকশো রোগীর আত্মীয় এবং দুঃস্থ ও ভবঘুরেদের থালা ভর্তি খাবার দেওয়ার ব্যবস্থা করা হয়। তৃণমূল ছাত্র পরিষদের এই উদ্যোগকে প্রশংসনীয় বলেই জানিয়েছেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন।উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই কমিউনিটি কিচেন গড়ে মালদা মেডিকেল কলেজের সামনে শিবির থেকেই তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা প্রতিদিনই প্রায় ৪০০ থেকে ৫০০ রোগীর আত্মীয় এবং দুঃস্থ মানুষদের বিভিন্ন ধরনের দুপুরের খাবার তুলে দিচ্ছেন। এর আগেও এই কর্মসূচিতে যোগ দিয়েছিলেন তৃণমূলের জেলা সভাপতি তথা রাজ্যসভার সাংসদ মৌসুম নূর , ছিলেন বিধায়ক নিহার ঘোষ ।
এরপর রবিবার এই খাবারবিলি কর্মসূচিতে হাজির হন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। দশদিনের তৃণমূল ছাত্র পরিষদের এই কমিউনিটি কিচেন কর্মসূচিতে এদিন ছিল নবম দিন । রবিবার ছুটির দিন থাকার কারণে অধিকাংশ পরিবারেই মাংস রান্না হওয়াটা একটা কমন বিষয় হয়ে দাঁড়িয়েছে। সে দিকে লক্ষ্য রেখেই এদিন তৃণমূল ছাত্র পরিষদের কমিউনিটি কিচেনের পক্ষ থেকে দেওয়া হয়েছে মুরগির মাংস, ভাত, পাঁচমিশালি সবজি, ডাল, চাটনি, পাপড় ভাজা। এই খাবার হাতে পেয়ে তৃণমূলের ছাত্র সংগঠনের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন মেডিকেল কলেজে আসা রোগীর আত্মীয়রা।

Post a Comment