বিপুল পরিমাণ ভেজাল মশলা উদ্ধার, গ্রেপ্তার ২
দি নিউজ লায়ন; একটি মিল থেকে বিপুল পরিমাণ ভেজাল মশলা উদ্ধার করে দুজনকে গ্রেপ্তার করল ভাঙড়ের কাশীপুর থানা। পুলিশ জানিয়েছে, শনিবার গোপন সূত্রে খবর পেয়ে পোলেরহাট বাজারে এই কারখানায় হানা দেওয়া হয়। সেখানে দুজন এই ভেজাল মশলা তৈরির কাজ করছিলেন।
তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে সেখানে তল্লাশি চালিয়ে ৩২৫০ কেজি গোটা হলুদ , ১৫০ কেজি জোয়ান, ৬০০ কেজি মৌরি, ভেজাল হলুদ ৫০ কেজি, ৬৭৫ কেজি লাল রঙের পাউডার, ২০০ কেজি জিরে গুঁড়ো সহ একাধিক নকল মশলার সামগ্রী পাওয়া গিয়েছে।
ধৃত দুই কর্মীকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারী অফিসাররা জানতে পেরেছেন, নৌশের আলি বৈদ্য নামে এক ব্যবসায়ী এই মিল চালান এবং অনেকদিন ধরে এরকম ভেজাল মশলা তৈরি করে বাজারে বিক্রি করছিলেন। পুলিশের বক্তব্য, যেসব সামগ্রী ব্যবহার করা হত, সেটা মানুষের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। মিলের মালিকের খোঁজ শুরু করেছে পুলিশ.

Post a Comment