গ্রেপ্তার ভুয়ো সাংবাদিক
দি নিউজ লায়ন; এক ভুয়ো সাংবাদিককে পুলিস গ্রেপ্তার করেছে। ঘটনা বর্ধমান থানা এলাকায়। ধৃতের নাম বিক্রম সিংহরায়। বর্ধমান শহরের মেহেদিবাগান এলাকায় তার বাড়ি। পুলিস জানিয়েছে, বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ সে বাইক নিয়ে যাচ্ছিল।
তার মাথায় হেলমেট ছিল না। কার্জন গেটের কাছে ট্রাফিক পুলিস তার বাইকটি আটকায়। তার কাছে হেলমেট না পড়ার কারণ জানতে চায় ট্রাফিক পুলিস। সে সাংবাদিক পরিচয় দেয়। ২০১০ সালের শহরের একটি সংবাদ পত্রের পরিচয়পত্র দেখায় সে। পুলিস তার কাছে ড্রাইভিং লাইসেন্স দেখতে চায়। দীর্ঘ টালবাহানার পর সে তা দেখায়।
তার সাংবাদিক পরিচয় নিয়ে সন্দেহ হয় পুলিসের। শহরের বেশ কয়েকজন সাংবাদিকের কাছে বিক্রমের বিষয়ে জানতে চাওয়া হয়। সে আদৌ সংবাদ মাধ্যমের সঙ্গে জড়িত নয় বলে জানার পর ট্রাফিক পুলিস তাকে ধরে থানায় নিয়ে যায়। ঘটনার বিষয়ে ট্রাফিক পুলিসের ওসি ছোটেলাল প্রসাদ থানায় অভিযোগ দায়ের করেন। শুক্রবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে শনিবার ধৃতকে ফের আদালতে পেশের নির্দেশ দেন সিজেএম।

Post a Comment