বিজেপি আশঙ্কাকে সত্যি করে বিধায়ক হিসাবেই পিএসির চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিলেন মুকুল
দি নিউজ লায়ন; বিজেপি আশঙ্কাকে সত্যি করে বিধায়ক হিসাবেই এবার পিএসির চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিলেন মুকুল । বিজেপির একটা অংশ প্রথম থেকেই অবশ্য এই সম্ভাবনার কথা বলছিলো, কিন্ত শুভেন্দু অধিকারী মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করা নিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন। কিন্ত সেই হুশিয়ারিকে কার্যত থোড়াই পাত্তা দিলেন মুকুল রায়। রাজ্য বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে মুকুল রায়ের নাম প্রস্তাব করেন কালিপংয়ের গোর্খা জনমুক্তি মোর্চার বিধায়ক রুডেন লেপচা। এরপরেই মুকুল রায় মনোনয়ন জমা দেন।
রাজ্য বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে মোট বসবেন ২০ জন। যারমধ্যে বিজেপির তরফে ৬ জনের নাম প্রস্তাব করা হয়েছে। তৃণমূলের তরফে নাম জমা পড়েছে ১৪ জনের। এদের মধ্য থেকে স্পিকার ঠিক করবেন পিএসির চেয়ারম্যান কাকে করা হবে। উল্লেখ্য, মুকুল রায় তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই তৃণমূল নেতৃত্ব মুকুল রায়কে বাড়তি গুরুত্ব দিতে শুরু করেছে। ইতিমধ্যেই দলের সাংগাঠনিক গুরু দায়িত্ব তাঁর কাঁধে বর্তেছে। এবারে বিধানসভায় পিএসির চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেওয়ায় বিধানসভাতেও মুকুল রায়কে যে গুরুত্বপূর্ণ পদে আনা হতে চলেছে তার আভাস মিললো।
অন্যদিকে, বিজেপি পিএসির চেয়ারম্যান হিসাবে অশোক লাহিড়ির নাম প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি রাজ্য বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির জন্য বাকি যে পাঁচ জনের নাম তারা জমা দিয়েছে, তাঁরা হলেন, বঙ্কিম ঘোষ, অম্বিকা রায়, বিবেকানন্দ বাউড়ি, নিখিলরঞ্জন দে এবং তরুন মাইতি। এদিকে নিয়ম অনুযায়ি পিএসির চেয়ারম্যান সাধারণত বিরোধী দলের থেকেই হয়। সেক্ষেত্রে আইন মেনেই এই কমিটির চেয়ারম্যান নির্ধারণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন স্পিকার। তবে রাজনৈতিক মহলের আশঙ্কা, মুকুল রায় তৃণমূলের তরফে পিএসির চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিলেও খাতায় কলমে তিনি বিজেপির বিধায়ক। ফলে এই ফাঁক গলে মুকুল রায়ই পিএসির চেয়ারম্যান নির্বাচিত হলে অবাক হওয়ার হয়তো কিছুই থাকবে না।
Post a Comment