মুকুল ঘনিষ্ঠ বিজেপি নেতারা এবার তৃণমূলে ফিরতে মুখিয়ে রয়েছেন - The News Lion

মুকুল ঘনিষ্ঠ বিজেপি নেতারা এবার তৃণমূলে ফিরতে মুখিয়ে রয়েছেন

 


দি নিউজ লায়ন;   মুকুল রায় তৃণমূলে ফেরার পরই পশ্চিম মেদিনীপুর জেলায় তাঁর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বিজেপি নেতারা তৃণমূলে ফিরতে মুখিয়ে আছেন। বেশ কয়েকজন ইতিমধ্যেই জেলার তৃণমূল নেতাদের সঙ্গে যোগাযোগ করেছেন। যদিও তাঁদের দলে নেওয়ার ব্যাপারে জেলা তৃণমূল নেতারা বলছেন , যাঁরা নির্বাচনের আগে বিজেপিতে গিয়েছিলেন তাঁদের অনেকেই পুনরায় তৃণমূলে ফিরতে চাইছেন । বিধানসভা নির্বাচনের সময় তাঁদের আচরণ কিরকম ছিল তা খতিয়ে দেখার পর দলের রাজ্য নেতৃত্ব কে সব জানানো হয়েছে। রাজ্য নেতৃত্ব সিদ্ধান্ত নেবেন।


বিজেপির পশ্চিম মেদিনীপুর জেলার সহ সভাপতি শিবু পানিগ্রহী মুকুল রায় ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তিনি জানিয়েছেন তাঁর মতো আরো অনেকে মুকুল রায়ের সঙ্গে থেকে রাজনীতি করেছেন । তাঁর মতো রাজনৈতিক নেতার সানিধ্যে থেকে রাজনীতি করলে অনেক কিছু শেখা যায়। তাঁরই মতো তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া গৌতম কোয়াড়ি , দিলীপ পাল, দেবায়ন ঘোষ সহ দু ডজন বিজেপি নেতা পুনরায় তৃণমূলে ফিরতে চাইছেন বলে বিশেষ সূত্রে জানা যায়।


শুধু মুকুল রায় ঘনিষ্ঠরাই নন পুনরায় তৃণমূলে ফিরতে আগ্রহী জেলার শুভেন্দু অধিকারী অনুগামীরাও । ১৯ ডিসেম্বর মেদিনীপুর কলেজ ময়দানের সভায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন মেদিনীপুর পুরসভার প্রাক্তন পুরপ্রধান প্রণব বসু , প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি আকাশদীপ সিনহা , জেলা পরিষদ সদস্যা কাবেরী চ্যাটার্জি , জেলা পরিষদের খাদ্য কর্মাধক্ষ্য অমূল্য মাইতি , কৃষি কর্মাধক্ষ্য রমা প্রসাদ গিরি , প্রাক্তন তৃণমূল শহর যুব সভাপতি স্নেহাশীষ ভৌমিক সহ একঝাঁক নেতা। এদের মধ্যে নারায়ণ গড় থেকে বিধানসভায় বিজেপির প্রার্থী হয়েছিলেন রমা প্রসাদ গিরি ও সবং কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন অমূল্য মাইতি।


তাঁদের সিংহভাগ এখন তৃণমূলের দিকে পা বাড়িয়ে। তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি জানান , বিজেপির শেষের শুরু হয়েছে। এই জেলায় যাঁরা বলেছিলেন ১৫ টি আসনের সবকটি পাবেন খুব কম ব্যবধানে মাত্র দুটি আসনেই তাদের সীমাবদ্ধ থাকতে হয়েছে।  তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া বহু নেতা কর্মীরা পুনরায় তৃণমূলে ফিরতে চেয়ে যোগাযোগ করছেন।  এবিষয়ে তাঁরা খুব সজাগ দৃষ্টি রাখছেন। দলের বৈঠকে জানিয়ে দেওয়া হয়েছে যাঁরা দলবদলু দের হয়ে সুপারিশ করবেন তাঁদের অত্যন্ত দায়িত্বশীল হয়ে তা করতে হবে।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.